
আলি ফজল-প্রসিত রায়
শেষ আপডেট: 14 February 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: একেবারে নতুন এক কোলাবরেশন। অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার প্রযোজনায় আসতে চলেছে এক থ্রিলিং সিরিজ। স্ট্রিমিং জায়ান্ট অ্যামাজন, তাদের অত্যন্ত জনপ্রিয় শো 'মির্জাপুর'খ্যাত অভিনেতা আলি ফজলকে (ali fazal) সঙ্গে শুরু করতে চলেছে সেই নতুন থ্রিলার সিরিজ।
এই প্রোজেক্টটির গোটাটাই গোপনীয়ভাবে হচ্ছে। শোনা যাচ্ছে, অরিজিনাল অ্যাকশন থ্রিলারে আলি ফজল একেবারে ভিন্ন রূপে দেখা দেবেন। হাই অক্টেন অ্যাকশন ড্রামার নাম আপাতত ঠিক হয়নি। 'সরফারোশ' অভিনেত্রী সোনালি বেন্দ্রে, যিনি সর্বশেষ জি ফাইভ-এর 'দ্য ব্রোকেন নিউজ'-এ দেখা গিয়েছিল, তাঁকে একট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই সিরিজে বিভিন্ন ওটিটি তারকাদের নিয়ে একেবারে অনসম্বল কাস্টিং হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও সিরিজের কাস্টিং এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রযোজনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায়, যিনি এর আগে অ্যামাজন প্রাইমের সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘পাতাল লোক’-এর প্রথম সিজনের সহপরিচালকের আসনে ছিলেন। শুধু তাই নয়, অনুষ্কা শর্মা অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’-এর পরিচালনায় ছিলেন প্রসিত। সূত্রের খবর, বছরের পর বছর ধরে ‘চাকদা এক্সপ্রেস’ রিলিজের অপেক্ষায় ছিলেন প্রসিত। তবে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্টতা না থাকায় অবশেষে প্রসিত এই নতুন প্রজেক্টে যোগ দিতে চলেছেন। সিরিজের প্রযোজনায় রয়েছে এন্ডেমল শাইন ইন্ডিয়া, যারা এর আগে 'ট্রায়াল বাই ফায়ার', 'আর্য' এবং 'বোম্বে বেগমস'-এর মতো নতুন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করেছে।
অন্যদিকে, রাজ ও ডিকে-র নেটফ্লিক্স সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’ শেষ করার পর আলি ফজল (ali fazal), নতুন এই থ্রিলার সিরিজের শুটিং শুরু করতে চলেছেন।‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ আলি ফজল ছাড়াও, ছিলেন আদিত্য রায় কাপুর, সামান্থা রুথ প্রভু এবং ওয়ামিকা গাব্বি। চলতি বছরে 'ফুকরে' অভিনেতার একের পর এক ছবি মুক্তির পেতে চলেছে। তালিকায় রয়েছে অনুরাগ বসুর 'মেট্রো...ইন দিনো', রাজকুমার সন্তোষির পরিচালিত এবং সানি দেওল অভিনীত 'লাহোর ১৯৪৭', কমল হাসানের 'থাগ লাইফ'। রয়েছে হলিউড ছবি 'রুল ব্রেকার্স', যা আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এছাড়াও, অভিনেতার 'মির্জাপুর: দ্য ফিল্ম'-এর কাজও চলছে, যা শুরু হতে চলেছে ২০২৫-এর মাঝামাঝি সময়ে।