দ্য ওয়াল ব্যুরো: ৮৬ ছুঁলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
আপামর বাঙালির 'অপু'র চলে যাওয়াটা এখনও অবিশ্বাস্য অনেকের কাছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পাতার 'অপু' যেন তিনিই। জন্মদিনে তিনি নেই সকলের মাঝে। আলোয় মোড়া মঞ্চে দাঁড়িয়ে তাঁর কথা আর কেউ শুনতে পারবেন না। বড়পর্দায় আর দেখা যাবে না তাঁর অভিনয়। কিন্তু তিনি থেকে যাবেন সকলের মনের মধ্যে। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'।
১৯ জানুয়ারি, গান, মিউজিক, সিনেমা, স্বল্পদৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে এই ওটিটি প্ল্যাটফর্মে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। 'অপরাজিত অপু' টাইটেলে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন দুর্নিবার সাহা। গানের লিরিক্স, মিউজিক সবটাই কম্পোজ করেছেন উৎপল দাস। গানটি 'ক্লিক' ছাড়া অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে।
ওটিটি প্ল্যাটফর্মে একটি বিশেষ ডকুমেন্টারি ফিল্মও দেখানো হয়েছে। পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে নির্মিত ডকুমেন্টারি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে সঞ্চালনা করেছিলেন। বাংলা এবং ইংরাজি দু'টি ভাষাতেই এটি দেখানো হয়েছে। ইংরাজি ভাষায় বর্ণনা করেছিলেন স্বয়ং শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। আর বাংলাতে শ্রী দেবাশিস বসুর কণ্ঠ শোনা গিয়েছিল।
তাছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন সিনেমাও আপলোড করা হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর অভিনীত বিভিন্ন জোনারের সিনেমা যেমন 'অগ্নি সংকেত', 'বাঘিনী', 'মনিহার', 'দৈত্য', 'মন্ত্রমুগ্ধ', 'এবং বিসর্জন', 'জোরা দীঘির চৌধুরী পরিবার', 'লড়াই', 'পাখি', 'অসতী' নতুন করে আপলোড করা হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মে।
ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর ফাউন্ডার মিঃ বিকাশ তান্তিয়া এই প্রসঙ্গে জানিয়েছেন, "অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়াটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অত্যন্ত ভার্সেটাইল অভিনেতা ছিলেন। যেমন অভিনয় করতেন, তেমনই ভাস্য বলতেন। তিনি চিরজীবন আমাদের মনের মধ্যে থেকে যাবেন।"