
শেষ আপডেট: 2 August 2022 09:42
দ্য ওয়াল ব্যুরো: শেষ হল করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির শ্যুটিং! সোমবার নিজের আগামী ছবির র্যাপ আপ করলেন করণ। একইসঙ্গে গোটা টিমকে পার্টিতে মেতে উঠতেও দেখা গেল। ছিলেন রণবীর সিংহ, ধর্মেন্দ্র, শাবানা আজমির মতো তারকারাও। তবে পার্টিতে ছিলেন না আলিয়া ভাট। তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।
করণ জোহর সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন। সেখানে এই ছবিকে তাঁর 'হৃদয়ের টুকরো' বলে অভিহিত করেছেন। ভিডিওর ক্যাপশনে পরিচালক-প্রযোজক লেখেন, 'আমার হৃদয়ের টুকরোর র্যাপ আপ হল। অনেক বছর পর ডিরেক্টরের চেয়ারে বসে মনে হল বাড়িতে ফিরলাম। ধন্যবাদ সকলকে যাঁরা এই কাহিনির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন… আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।
গতকাল করণের পোস্ট করা সেই ভিডিওতে ছবির পুরো টিমকে দেখা গেলেও সশরীরে সেখানে উপস্থিত ছিলেন না আলিয়া। কয়েকদিন আগেই তিনি নিজের শ্যুটিং শেষ করেন। সেদিন 'চান্না মেরেয়া' গেয়ে সবাইকে বিদায় জানিয়েছিলেন তিনি। এদিন ভিডিওকলে এই পার্টিতে তাঁকে সামিল করেন রণবীর। সেখানে করণকে বলতে শোনা যায়, 'এই হল রকি আর রানির ভার্চুয়াল এবং রিয়েল প্রেম কাহিনি।'
এর পাশাপাশি সেই ভিডিওয় রণবীরকে বলতে শোনা যায়, 'আমি সবসময় ধর্মা ফিল্মসের ব্যানারে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু তখনও কি থোড়াই জানতাম যে ধর্মার ব্যানারে আমার প্রথম ছবিই হবে করণ জোহরের পরিচালনায়!'
খারাপ সিনেমা বানানোর জন্যই বলিউডের বেহাল দশা : করণ জোহর
উল্লেখ্য, এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ ও আলিয়া ভাট। এছাড়াও তাঁদের সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। চূর্ণি গঙ্গোপাধ্যায়ের মতো বাঙালি অভিনেতাও রয়েছেন সিনেমায়। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই ছবি।