
শেষ আপডেট: 11 July 2023 10:41
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। জম্মু-কাশ্মীর থেকে শিমলা কুলু মানালি, বাঙালির একাধিক প্রিয় ঘোরার জায়গা এই মুহূর্তে জলের তলায়। কোথাও জলের তোড়ে ভেঙেছে জাতীয় সড়ক আবার কোথাও ভেসে গিয়েছে আস্ত একটি এসবিআই এটিএম। ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। আর এই ঘটনা কপালে ভাঁজ ফেলেছে বলিউডের সেলেব্রিটিদেরও (kangana to mohit chauhan speak about himachal flood)।

গায়ক মোহিত চৌহান এই বিপর্যয় সকলকে একসঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। গায়কের কথায়, সরকার এই বিপর্যয় মোকাবিলার চেষ্টা করছে তাঁদের মতো করে। তবে শুধুমাত্র সরকারের ভরসায় না বসে থেকে পাহাড়ের স্থানীয় বাসিন্দাদের সকলে মিলে বাঁচাতে হবে। পাশাপাশি, পাহাড়ে ঘনঘন ধস বা এই বিপর্যয়ের কারণ হিসেবে যত্রতত্র আবাসন গড়ে তোলাকেও দায়ী করেছেন মোহিত চৌহান। প্রসঙ্গত, মোহিত চৌহান আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা। এই বিপর্যয়ে তাঁর পরিবারের লোকজন আপাতত নিরাপদে আছে জেনে সামান্য স্বস্তি বোধ করছেন গায়ক।
অন্যদিকে আবার হিন্দি ধারাবাহিকের চেনা মুখ রুসলান মমতাজ আটকা পড়েছেন মানালিতে। শৈল শহরে একটি ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই একটি হোটেলে বন্দি হয়ে পড়েছেন রুসলান। ইনস্টাগ্রামে এই খবর তিনি দেন তাঁর ভক্তদের। বন্যাদুর্গত এলাকার ভয়াল ছবিও তিনি শেয়ার করেছেন। জানা গেছে, গোটা অঞ্চলে অসংখ্য বিদ্যুতের পোল উপড়ে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুতহীন। ফলে, নেটওয়ার্কের অভাবে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পরিবারের এবং অনুরাগীদের।

হিমাচলের এই বন্যা নিয়ে চিন্তিত কঙ্গনা রানাউত বা মনোজ বাজপেয়ীও। মানালির মেয়ে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে এই সময়ে পর্যটকদের পাহাড়ে বেড়াতে যেতে নিষেধ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অন্যদিকে টুইটারে হেল্পলাইন নম্বরের তালিকা শেয়ার করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সব মিলিয়ে হিমাচল প্রদেশের এই অবস্থায় স্বস্তিতে থাকতে পারছেন না বলিউডের অনেকেই।
কৃষ্ণের পর এবার মহাদেব বেশে অক্ষয়, প্রকাশ্যে ওএমজি ২-এর টিজার