
ইমতিয়াজ কাজ করতে চেয়েছিলেন সানি-ববির সঙ্গে
শেষ আপডেট: 18 October 2023 19:02
দ্য ওয়াল ব্যুরো: ইমতিয়াজ আলি মানেই বলিউডে আদ্যোপান্ত রোম্যান্টিক ছবি, সঙ্গে দুর্দান্ত সব লোকেশন। ‘জব উই মেট’ থেকে ‘রকস্টার’, ‘হাইওয়ে’ থেকে ‘তামাশা’—প্রায় প্রত্যেকটি ছবিই আলাদা আলাদা রূপে কিন্তু একই সূত্র মেনে চলেছে। ‘জব উই মেট’-এ শাহিদ কাপুর বা ‘হাইওয়ে’ ছবিতে রণদীপ হুড্ডার অভিনয় দর্শকদের এখনও পছন্দের তালিকায়। কিন্তু এই ছবিদু’টিতে অভিনয়ের জন্য প্রথম পছন্দ ছিলেনই না তাঁরা। তাহলে কারা ছিলেন পরিচালকের পছন্দের তালিকায়? সম্প্রতি সে কথা শোনা গেল ইমতিয়াজ আলির মুখেই।
ইমতিয়াজের প্রথম ছবির নাম ‘সোচা না থা’। অভিনয় করেছিলেন অভয় দেওল ও আয়েশা টাকিয়া। ধর্মেন্দ্রর প্রযোজনায় সেই ছবি তৈরি করতে ৫ বছর লেগে গিয়েছিল ইমতিয়াজের। আর সেইসময়ই নিজের দ্বিতীয় ছবি ‘জব উই মেট’-এর পরিকল্পনা করে ফেলেছিলেন পরিচালক। আর ‘আদিত্য’র চরিত্রে তিনি ভেবেছিলেন ববি দেওলকে। এবারও ছবিটি প্রযোজনার কথা ছিল ধর্মেন্দ্ররই। কিন্তু সেইসময় ববির হাতে আরও বেশ কয়েকটি ছবির কাজ থাকায় পিছিয়ে যায় কাজ। শেষ অবধি ববি দেওলের পরিবর্তে শাহিদকে নেন ইমতিয়াজ।
শুধু ববি নয়, তাঁর দাদা সানি দেওলকেও পরে একটি ছবিতে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। তার নাম ‘হাইওয়ে’। ছবিতে একজন অপহরণকারী তথা ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যেত তাঁকে। তবে প্রাথমিক পর্যায়ে গল্পটি একেবারেই আলাদা ছিল। জীবনকে খুঁজতে যাওয়া নয়, বরং রিভেঞ্জ ড্রামা হিসাবেই গল্পটি প্রথমে সাজিয়েছিলেন ইমতিয়াজ। কিন্তু কোনও কারণে সানি দেওলের সঙ্গেও তাঁর কাজ হয়নি। এরপর গল্পটি আরও পাল্টে ফেলেন। এবং আলিয়া ভাট ও রণদীপ হুড্ডাকে নিয়ে তৈরি করেন ‘হাইওয়ে’, তা বক্স অফিসে হিট ঘোষণা হয়।