
শেষ আপডেট: 2 August 2023 08:24
পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) জনপ্রিয় হিট ছবি 'হাওয়া বদল'-এর সিক্যুয়েল অর্থাৎ 'হাওয়া বদল ২' ছবির শ্যুটিং শুরু হবে অগস্ট মাসে (Hawa bodol 2 shooting in London)। তার আগে ছবির শুভ মহরত হয়ে গেল।

আগেরই মতো এবারেও অভিনয়ে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন।

জিৎ তনুকা রাজর্ষি এই তিন বন্ধুর সঙ্গে দশ বছর আগেই দর্শকদের পরিচয় ঘটেছে। ২০১৩ সালে' হাওয়া বদল' ছবিটি মুক্তি পায়। এবারে ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাভেল।
জায়গা পরিবর্তনের সঙ্গে তাদের জীবনের অবস্থানের অনেক পরিবর্তন ঘটেছে যা নিয়েই যত কাণ্ডকারখানা। এবারের গল্পের প্রেক্ষাপট লন্ডন। জিৎ তনুকা এঁদের পরিবার যেমন ছিল তেমনই আছে। তবে বিদেশে যাওয়ার কারণে সমস্যা অনেক বেড়েছে। রাজর্ষি পেশায় একজন রকস্টার। সেই সময় প্রেমিকা ছিল অন্য, এখন প্রেমিকার নাম কাজললতা। চরিত্রদের বয়স বেড়েছে। দীর্ঘ দিন বাদে দুই বন্ধুর কিভাবে লন্ডনে দেখা হয়, কি কাণ্ডকারখানা তারা আরও ঘটায়, তাদের দুই বন্ধুর আত্মার অদল বদল কীভাবে ঘটে সবকিছু নিয়েই ছবির গল্প'। আমি এবং পরমব্রত চট্টোপাধ্যায় দুজনে মিলে কাহিনি ও চিত্রনাট্য লিখেছি।'

এই ছবিতে তনুকারুপী রাইমা সেনকে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে রাইমা বলেন ,'জিৎ, তনুকা এবং রাজর্ষি তিন বন্ধুর সঙ্গে দর্শকের পরিচয় তো রয়েছেই। দীর্ঘ সময়ে অনেক কিছুর পরিবর্তন হলেও তিন বন্ধু যেন ঠিক আগের মতই রয়েছে। এই ছবিকে ঘিরে আমি ভীষণ উত্তেজিত। বাংলা ছবির জন্য কখনও বিদেশে গিয়ে আমি শ্যুটিং করিনি। এই প্রথম আমি বাংলা ছবির জন্য লন্ডনে গিয়ে শ্যুটিং করব। আগে 'হাওয়া বদল' ছবির সময় পরমব্রত, রুদ্রনীলের সঙ্গে খুবই মজা করে কাজ করেছি। আবারও আমরা একসঙ্গে কাজ করতে চলেছি। নিঃসন্দেহে সেটা ভীষণ আনন্দের। তবে সিক্যুয়েলে আমার চরিত্রের উত্তরণ কতটা হয়েছে সেটা ছবিতে দেখা যাবে। আসলে আমি পরমকে খুবই বিশ্বাস করি। হাতে এখনও আমি চিত্রনাট্য পাইনি। পরম যখন আমাকে এই ছবিতে আবারও অভিনয়ের জন্য বলে তখন আমি এক কথায় রাজি হয়ে যাই। তাই চরিত্রটা কতটা এগিয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না।'
হিন্দি তে ব্যস্ততার কারণেই কী এখন বাংলা ছবিতে আপনাকে পাওয়া যায় না প্রশ্নের উত্তরে রাইমার স্পষ্ট বক্তব্য, 'বাংলায় আমাকে কেউ ভাল অফার করেন না। তাই বাংলা ছবিতে আমাকে দেখা যায় না। ভাল চরিত্রের অফার পেলে বাংলা ছবিতে আমি নিশ্চয়ই অভিনয় করব।' ছবিতে রাইমার ১০ বছর আগের বাচ্চা ছেলেটিকে এবারেও অভিনয়ে দেখা যাবে। এখন সে দ্বাদশ শ্রেণীতে পড়ে।
তবে রুদ্রনীলের কথায়,' জিৎ, রাজর্ষির যে ধরনের বন্ধুত্ব তাদের যে আর কোনদিনই দেখা হবে না সেটা তো কখনও হতে পারে না। হাওয়া বদল তো অবশ্যই হবে, তবে সেটা লন্ডনের মাটিতে গিয়ে। হাওয়া বদল ছবির সময় দর্শকরা অনেক মজা পেয়েছেন। এবারও দুই বন্ধুর বন্ধুত্ব এবং তাদের পরিবারেরও একটা টানাপোড়েন এবং আবেগের যে একটা বড় জায়গা রয়েছে সেটা দর্শক দেখতে পাবেন।'

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে আছেন অনুষা বিশ্বনাথন, কবীর ভট্টাচার্য, চঞ্চল ঘোষ প্রমুখ।
এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ, রোড শো ফিল্মস। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: রূপান্তরকামীদের র্যাম্প ওয়াক, মঞ্চ মাতালেন শ্রুতি, দেবিকা, মধুশ্রীরা