
‘ধ্রুবর আশ্চর্য জীবন’
শেষ আপডেট: 13 February 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার জেতে ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ (dhrubor aschorjo jibon)। সেই ছবিই এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৮ ফেব্রুয়ারি। শুধু দেশে নয়, বিদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে মনোনীত এবং পুরস্কৃত হয়েছে এই ছবি। আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছে অভিজিৎ চৌধুরি পরিচালিত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’।
ক্রাইম ড্রামার সঙ্গে জুড়ে যায় সায়েন্স ফিকশন। কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে বাঁচাতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। গোটা পরিবারকে বাঁচাতে এবং সমস্যার সমাধান করতে পারে একমাত্র অর্থ। আর তা জোগাড় করতে ধ্রুবকে হাঁটতে হবে অপরাধজগতে। কী করবে ধ্রুব? সমাজের চোখে কোনটা অপরাধ এবং কোনটা নয়—নৈতিকতার টানাপোড়েনে ধ্রুবর জীবন কখনও ডুবে যায়, কখনো ভাসে। চারটে অধ্যায়ের এই সিনেমায় ধ্রুবর জীবনের চার সম্ভাবনার গল্প বলে। প্রতি সম্ভাবনা নিয়ে গড়ে ওঠে চার ভিন্ন জগৎ, যেখানে ধ্রুবর জীবন ভিন্ন রূপে বাঁক নেয়। ইন্ডিপেন্ডেন্ট ছবিতে মালিটভার্স এবং তাতে উন্নত এবং বুদ্ধিদীপ্ত ভিএফএক্স-এর কাজ বাংলা ছবিতে সম্ভবত এই প্রথম।
ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, ‘ক্ষমতাবান আর ক্ষমতাশূন্যদের মাঝখানে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত জীবন প্রায়শই প্রশ্নের সামনে এসে দাঁড়ায়—আদর্শ আঁকড়ে থাকা না টিকে থাকা—কোন পথে যাব? ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ধ্রুবর জীবনের যে চার সম্ভাবনার চারটি অধ্যায়ের কথা বলা হয়েছে, তাতে চার বাঙালি কিংবদন্তি চিত্রকরকে শ্রদাজ্ঞাপন করা হয়েছে, তাঁরা, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়’
মুখ্য অর্ধাৎ ‘ধ্রুব’র চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু, বললেন, ‘চিত্রনাট্যের সবচেয়ে রোমাঞ্চকর বিষয়, বাংলার চার চিত্রশিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আর সবচেয়ে মজার বিষয়, ছবিতে এতোগুলো দিক আছে, একটা ছবিতেই, লাভ, থ্রিলার, সাইন্স ফিকশনের মোমেন্ট আছে। তাই একটা মাত্র জঁরে এই ছবিকে রাখা যাবে না।’
‘ধ্রুবর আশ্চর্য জীবন’ (dhrubor aschorjo jibon) ছবিতে অভিনয় করেছেন, ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখার্জি, দেবেশ চট্টোপাধ্যায়, সেঁজুতি মুখোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনোবিশ, প্রেরণা দাস। পরিচালক অভিজিৎ চৌধুরী এর আগে ‘মানভঞ্জন’, ‘আস্তে লেডিস’, ‘একেন বাবু ও ঢাকা রহস্য’, ‘জনি বনি’-এর মতো কাজ করেছেন। অভিজিৎ একজন ফুলব্রাইট স্কলার। ড্রেক্সেল ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিশ স্কুল অফ আর্টসে স্ক্রিপ্ট রাইটিং এবং ভারতীয় চলচ্চিত্র নিয়ে শিক্ষকতা করেছেন। ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউব দ্বারা প্রযোজিত। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী নিবেদন করছেন এই ছবি।