.webp)
শেষ আপডেট: 1 November 2023 19:26
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির তারকা তিনি। হিন্দি ছবির জগতেও তাঁর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। দক্ষিণ ভারতীয় ছবি মানেই যেখানে সবাই ধুমধাড়াক্কা অ্যাকশন বোঝেন, সেখান থেকে নিজেকে সরিয়ে একটা আলাদা জঁর তৈরি করেছেন ধনুষ। এবার সেই অভিনেতাকে দেখা যেতে চলেছে সঙ্গীত বিশারদ তথা সঙ্গীত বিশেষজ্ঞ ইলাইয়ারাজার বায়োপিকে। বিগত ৫০ বছর ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করছেন যিনি, সেই ইলাইয়ারাজার জীবনী বড়পর্দায় তুলে ধরার মতো কঠিন কাজে ব্রতী হয়েছেন ধনুষ।
সূত্রের খবর, ২০২৪ সালের শুরুতেই নতুন ছবির কাজ শুরু করে দেবেন ধনুষ। যা মুক্তি পাওয়ার কথা ২০২৫ সালে। ইলাইয়ারাজার গুণমুগ্ধের সংখ্যা এই দেশে প্রচুর। প্রায় ৭০০০ এর উপর গান তৈরি করেছেন তিনি। এই বর্ষীয়ান সঙ্গীত বিশারদের ব্যাপ্তি বিশাল। এবার তাঁর জীবনী তুলে ধরা হবে সিনেমার পর্দায়। জানা গিয়েছে, ইলাইয়ারাজার ছেলে ইউভান শঙ্করও চেয়েছিলেন তাঁর বাবার বায়োপিকে অভিনয় করুন ধনুষই।
উল্লেখ্য, অভিনেতা নিজেও ইলাইয়ারাজার বিরাট বড় ভক্ত। দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিগুলিতে ইতিমধ্যে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সিনেমাটি ফ্লোরে যাওয়ার আগেই যেভাবে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে নিশ্চিন্ত ছবির নির্মাতারাও। তবে একইসঙ্গে চাপ অনুভব করছেন তাঁরা। পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমির মতো পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত বিশেষজ্ঞ ইলাইয়ারাজার জীবনীকে ঠিকঠাকভাবে পর্দায় তুলে ধরাই এখন তাঁদের কাছে বিরাট চ্যালেঞ্জ।