
শাহরুখ, সুহানা ও দীপিকা
শেষ আপডেট: 26 April 2025 23:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর নামেই যেন চমক লেখা থাকে। কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনও হিউম্যানিটি নিয়ে ‘ডাঙ্কি’র পথে, আবার কখনও দাঁড়ি-চুলে এক অচেনা, তবু রাজার মতো হাজির হন তিনি। তিনি শাহরুখ খান। আর এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।
‘কিং’—শুধু ছবির নাম নয়, যেন শাহরুখের আত্মপরিচয়। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মেয়েও—সুহানা খান। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। প্রথমে শোনা গিয়েছিল পরিচালনার ভার থাকছে সুজয় ঘোষের হাতে, কিন্তু হঠাৎই পালটে যায় খেলা। এখন ক্যামেরার পিছনে উঠে আসছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। বোঝাই যাচ্ছে, যুদ্ধটা এবার শুধু পর্দার মধ্যে নয়—পর্দার বাইরেও।
আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন—দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি কেমিও, কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেন, 'দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।'
পরিচালনার পালা বদলের পরেও শাহরুখ তাঁর এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি, সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি।