
শেষ আপডেট: 31 October 2023 23:42
দ্য ওয়াল ব্যুরো: 'কফি উইথ করণ'-এর প্রথম এপিসোডে দীপিকা পাড়ুকোনের অন্য পুরুষদের সঙ্গে মেলামেশার কথা নিয়ে কম জলঘোলা হচ্ছে না! স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কের শুরুর দিকে অন্য পুরুষদের সঙ্গেও ঘোরাফেরা করার কথা দীপিকা স্বীকার করতেই শুরু হয়ে যায় নিন্দার ঝড়। নায়িকাকে উদ্দেশ্য করে ক্রমাগত চলছে ব্যঙ্গবিদ্রুপ। এমন সময়ে দীপিকাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেৎ।
গত ২৬ অক্টোবর সম্প্রচার হয়েছিল ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের প্রথম এপিসোডটি। সেখানে অতিথি হিসেবে প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। করণের সঙ্গে কফির আড্ডায় দু'জনের সম্পর্ক নিয়ে একাধিক অজানা গল্প সেদিন প্রকাশ্যে এসেছে। এমনকী তাঁদের বিয়ের ভিডিও-ও সেদিন ওই অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হয়। তখনই কথায় কথায় দীপিকা তাঁর জীবনের সেই গোপন কথা খোলাখুলি জানান।
অভিনেত্রী বলেন, রণবীরের সঙ্গে যখন তাঁর আলাপ হয়, তখন তিনি ‘সিরিয়াস রিলেশনশিপ’-এর মেজাজে ছিলেন না। এমনকী, রণবীরের সঙ্গে প্রেম চলাকালীন অন্য পুরুষদের সঙ্গেও মেলামেশা করতেন। কিন্তু প্রত্যেকবারই তাঁর মনে একমাত্র রণবীরের প্রতিই অনুভূতি কাজ করেছে। প্রেমিক হিসাবে শ্রেষ্ঠ মনে হয়েছে তাঁকেই। আর তাই শেষ পর্যন্ত রণবীরের কাছেই ফেরত আসেন তিনি। ব্যস! এরপরই শুরু হয়ে যায় সমালোচনা। দীপিকার দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়।
What have we become?
— Supriya Shrinate (@SupriyaShrinate) October 30, 2023
A couple sits together on a talk show and talks about their relationship, their marriage, their courtship.
A young woman, who is a super achiever talks about her struggles with mental health - she actually emboldens many more to deal with this unspoken… pic.twitter.com/chn0dFTxDG
এই নিয়ে নেটিজেনরা দু'ভাগ হয়ে গেলেও দীপিকা-রণবীর কিছু বলেননি। তবে মঙ্গলবার দীপিকার পাশে দাঁড়িয়ে টুইট করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেৎ। তিনি লিখেছেন, “মানুষ কেন সত্যিটা হজম করতে পারে না! কেন রক্তমাংসের শরীরের আবেগ তাঁদের অস্বস্তিতে ফেলে দেয়! মানুষ আজকাল এতটা তিক্ত হয়ে গিয়েছে! আর সবসময় একটা জাজমেন্টাল মনোভাব। কেন? এঁদের নিজেদের জীবনের অশান্তি, রাগ, ক্ষোভ থেকেই আসলে এই ঘৃণার জন্ম হয়।”
এখানেই শেষ নয়। এরপর সুপ্রিয়া আরও লেখেন যে, “এই নিন্দকরাও অবশ্য পরে দীপিকাকে সামনে দেখতে পেলে সেলফি তোলার জন্য এগিয়ে আসবে। আসলে এই মানুষগুলোরও ভালবাসা প্রয়োজন। আর আমি প্রার্থনা করছি এঁরাও যেন নিজেদের জীবনে একটা খাঁটি ভালবাসা পায়। কারণ ভালবাসা শুধু চারপাশটা পাল্টে দেয় না, একজন ভাল মানুষও করে তোলে। আর দীপিকার কথা যদি বলতেই হয় তাহলে বলব, এভাবে তাঁকে থামানো যাবে এটা ভাবাই ভুল।”