শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আবার ছবি বানাচ্ছেন অপর্ণা সেন। অপর্ণা সেনের নতুন ছবি সবসময় বড় খবর সিনেপ্রেমীদের কাছে চিরকাল। তাঁর ছবি ঘিরে প্রত্যাশার পারদ সবসময় তুঙ্গে। অপর্ণার ছবি শুধু ছবি নয়, কখনও তাঁর ছবি যেন কবিতা কখনও অপর্ণার ছবিতে দেখানো বার্তা আমাদের জীবনকেও প্রভাবিক করে। অপর্ণা সেন একদিকে মহাতারকা, নায়িকা, যাঁর গ্ল্যামারে আজও ছবি বক্সঅফিসে হিট হয়, অন্যদিকে অপর্ণা পরিচালিকা রূপেও অনন্যা।

পঁচাত্তর বছর বয়স পার করেও ক্যামেরার সামনে ও পিছনে থেকে অপর্ণা সেন আজও যেভাবে আমাদের অবাক করে দেন তার নজির কিন্তু টলিউড কেন বলিউড বা হলিউডেও বিরল। যেখানে এই বয়সে সব নায়ক-নায়িকা অন্তরালে বা চরিত্রাভিনেতার রোলে ঝুঁকে পড়েন, সেখানে অপর্ণা সেন আজও দীপ্তিময়ী তাঁর ভাবনায় ও তাঁর কাজে। পঁচাত্তরটি বসন্ত পার করেও পঁচিশের প্রাণশক্তিতে অপর্ণা সেন তাঁর নতুন ছবির কাজ শুরু করছেন আগামী মার্চে।
‘ঘরে-বাইরে আজ’-এর পরে বছর দুই বাদে আবারও রাজনৈতিক ছবি বানাচ্ছেন অপর্ণা সেন। যেখানে ছবির মূল বিষয় খুব স্পর্শকাতর। ধর্ষণ ও ধর্ষিতার বিচার পাওয়ার কাহিনি। সেখানে অঙ্গাঙ্গীভাবে রাজনৈতিক ইস্যু আসবেই।
ধর্ষণ আজও সমাজের কঠিন ব্যাধি। একজন ধর্ষিতা কি পুলিশ প্রশাসনের কাছে, সমাজের কাছে আজও যোগ্য বিচার পান? বিচার না পাওয়ার ভয়ে বহু অত্যাচারিতা নিপীড়িতা আজও পুলিশের কাছে মুখ খুলতে ভয় পান। কেন একজন নির্যাতিতাকে লজ্জায় মুখ ঢাকতে হয়? সোজাসাপটা সেই প্রশ্নের উত্তর খুঁজবেন পরিচালক অপর্ণা সেন। তাই আবারও ছবি পরিচালনায় তিনি। নিজের রাজনৈতিক বক্তব্যে অপর্ণা চিরকালই স্পষ্টবাদী, তাঁর ছবিতেও সে বার্তা থাকবে আশা করা যায়।
[caption id="attachment_2235521" align="aligncenter" width="600"]

'সোনাটা' ছবিতে লিলেট, অপর্ণা, শাবানা।[/caption]
ধর্ষণ প্রেক্ষাপটে অনেক ছবিই হয়েছে বলিউড টলিউডে তবু জ্বলন্ত বিষয়। অপর্ণা সেনের চিন্তন ও সৃজন স্বতন্ত্র হবে বলেই অনুমান সকলের। তবে এবার বাংলায় নয়, হিন্দিতে এই ছবি তৈরি করছেন তিনি। এর আগে দুটি হিন্দি ছবি বানান অপর্ণা, 'সারি রাত', এবং 'সোনাটা'। 'সোনাটা' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 'সারি রাত' অনেক টালবাহানার পরে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়।

এবার ছবির নাম ‘দ্য রেপিস্ট'।
অপর্ণার বেশিরভাগ ছবি নারীদের কথা বলে। পুরুষদের কথাও বলেছেন অপর্ণা তাঁর ছবিতে, যেমন 'যুগান্ত' বা 'জাপানিজ ওয়াইফ'-এর পুরুষ চরিত্ররা। কিন্তু নারীর একাকীত্ব বারবার উঠে এসেছে অপর্ণার ভাবনায়, সেই 'থার্টিসিক্স চৌরঙ্গি লেন' বা 'পরমা' থেকেই। এবার ‘দ্য রেপিস্ট' বলবে এক ধর্ষিতা নারীর যন্ত্রণা, একাকীত্ব ও সামাজিক অবক্ষয়ের কাহিনি। ছবিটা সম্পূর্ণ হলে অপর্ণার ভাবনা ও সৃজন আরও স্পষ্ট হবে।
চরিত্র নির্বাচনও চমকপ্রদ।

অপর্ণা সেনের এই ছবিতে মূল ভূমিকায় রয়েছেন অপর্ণার কন্যা কঙ্কনা সেনশর্মা। কঙ্কনা যতটা ভাল অভিনেত্রী, সেখানে বিকল্প অভিনেত্রী যেন ভাবতেই পারেন না মা অপর্ণা। আর এই চরিত্রটির যথাযোগ্য মর্যাদা কঙ্কনা পারবেনও। অভিনেতার চরিত্রেও রয়েছে চমক। অর্জুন রামপাল কাজ করতে চলেছেন অপর্ণা সেনের সঙ্গে। কঙ্কনা ও অর্জুনকে একসঙ্গে দেখা যাবে অপর্ণার ছবিতে। এর আগে কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপালকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৩ সালে বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’ ছবিতে।

এক সাক্ষাৎকারে 'দ্য রেপিস্ট' ছবিটি সম্পর্কে অপর্ণা সেন জানান, "যখন একটি পরিবারের মেয়ের সঙ্গে ধর্ষণের মতো ঘটনা ঘটে, তখন পরিবারের চাপে অথবা চক্ষুলজ্জার খাতিরে তিনি হার মানতে বাধ্য হন। এখন সময় বদলেছে। নারীদের জন্য আইন আরও কঠোর হয়েছে। এখন এই ধরনের ঘটনায় কড়া শাস্তি নজির তৈরি করছে। সেই নারীশক্তিকেই এবার ছবির পর্দায় তুলে ধরব।"