
শেষ আপডেট: 3 October 2023 18:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পরিচালকদের মধ্যে যে ক'জন স্পষ্ট কথা বলার জন্য মাঝেমধ্যেই অনেকের বিরাগভাজন হয়ে পড়েন তাঁদের মধ্যে অনুরাগ কাশ্যপের নাম প্রথম দিকেই থাকবে। 'গ্যাংস অফ ওয়াসেপুর' থেকে 'আগলি', অনুরাগের ছবিগুলিতেও প্রায়ই দেখা যায় এমন কিছু দৃশ্য যা তুলে ধরতে অনেক সময়ই অন্য পরিচালকরা সংকোচ বোধ করেন, বক্তব্য ফিল্ম সমালোচকদের। সেই হিসেবে পরিচালক অনুরাগ কাশ্যপকে 'সাহসী' তকমাও দিয়ে থাকেন অনেকে। অনুরাগের এই গুণের জন্যই আবার এক শ্রেণীর দর্শকের কাছে দারুণ জনপ্রিয় পরিচালক।
রাজনীতি থেকে ছবি, কোনও বিষয়েই সোজাসাপটা কথা বলতে বিব্রত বোধ করেন না অনুরাগ। এবার ইসলাম বিদ্বেষ নিয়ে মুখ খুললেন অনুরাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ অকপট এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ইসলাম বিদ্বেষ প্রসঙ্গে অনুরাগের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক শাসকরা নিজেদের স্বার্থে ইচ্ছাকৃত ভাবেই ধর্মীয় সমস্যাকে জিইয়ে রাখেন। পরিচালকের কথায়, সব ধর্মেই কিছু না কিছু সমস্যা থাকে, সারা পৃথিবীতেই এই সমস্যা চলছে। ফলে একটা মাত্র ধর্মকে রাজনীতিবিদরা ইচ্ছাকৃত ভাবেই কাঠগড়ায় তোলেন যাতে সমস্ত মনোযোগ সেদিকেই চলে যায়।
অনুরাগের কথায়, এই সমস্যা সহজে মেটার নয়। প্রসঙ্গত, জিও সিনেমা চলচ্চিত্র উৎসবে সম্প্রতি দেখানো হল অনুরাগ পরিচালিত ছবি 'বেবাক'। সেই ছবিতে এক মহিলার বোরখা না পরতে চাওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রত্যাশিত ভাবেই তাঁর এই ছবি যে ধর্মীয় কট্টরপন্থীদের রোষানলে পড়তে চলেছে এ সম্পর্কে একরকম নিশ্চিত অনুরাগ। তবে সে নিয়ে তিনি বিশেষ ভাবিত নন, এ কথাই স্পষ্ট করলেন সাক্ষাৎকারে।
চলতি বছরের শুরুর দিকেই 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে যথেষ্ট হইচই শুরু হয়েছিল। সেই সময়ে এই ছবিকে 'প্রোপাগাণ্ডা' ছবি বলে দাবি করেছিলেন পরিচালক। তবে সেই সময়ে এই ছবিকে ব্যান করার দাবি জানানো হলে তার বিরোধিতা করেন অনুরাগ। 'বেবাক'-এর ক্ষেত্রে বোরখা প্রসঙ্গে যে 'দ্য কেরালা স্টোরি'-র সঙ্গে তুলনা হবেই এ প্রসঙ্গেও নিশ্চিত অনুরাগ। তবে সেই তুলনাকে আমল দিতে নারাজ পরিচালক। তাঁর কথায়, দুটি ছবির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা, এক জনের সঙ্গে অন্য জনের সেই দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে। অর্থাৎ ধর্মীয় কট্টরপন্থীদের রোষানল বা বলিউডের তাঁকে দেওয়া 'বিতর্কিত' আখ্যা কোনও কিছুতেই যে তাঁর কিছু যায় আসে না এ বার্তা ফের একরকম স্পষ্ট করলেন অনুরাগ।