
আমির খান
শেষ আপডেট: 27 March 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: কখনও ব্যক্তিগত জীবন, কখনও আবার কাজ—বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায় আমির খান। ‘লাল সিং চাড্ডা’র পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি, কিন্তু ক্যামেরার আড়ালে থেমে ছিল না তাঁর সৃষ্টিশীলতা। এবার ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে এলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। চালু করলেন নিজের ইউটিউব চ্যানেল ‘আমির খান টকিজ়’।
কী দেখা যাবে আমিরের চ্যানেলে?
ইনস্টাগ্রামে এক ভিডিওতে আমির জানান, তাঁর দীর্ঘ কেরিয়ারের নানা অভিজ্ঞতা, সিনেমার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। বললেন, “প্রতিটি দৃশ্যের পেছনে থাকে একটা গল্প। সেই গল্পগুলো এতদিন বলার সুযোগ হয়নি। এবার সে সুযোগ তৈরি করলাম।”
View this post on Instagram
এছাড়াও, টেকনিশিয়ান, পরিচালক ও লেখকদের কাজের কথা উঠে আসবে চ্যানেলে। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা গল্পও শেয়ার করবেন তিনি। সিনেমার নির্মাণ প্রক্রিয়ার অদেখা কিছু মুহূর্ত, বিশেষ দৃশ্য ও শুটিংয়ের মজার অভিজ্ঞতাও থাকবে সেখানে।
শুধু ইউটিউব চ্যানেল নয়, তাঁর প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর ওয়েবসাইটও শীঘ্রই চালু হতে চলেছে বলে জানিয়েছেন অভিনেতা। ভক্তদের জন্য নতুন এই উদ্যোগ কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার!