
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 20 November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স একটি 'মক অকশন' আয়োজন করেছিল। এই নিলাম অনুষ্ঠানে শ্রেয়স আইয়ারকে KKR আবারও ৪.৪ কোটি টাকায় দলে নিয়েছে। শ্রেয়সের পাশাপাশি মিচেল স্টার্ককেও ৮.৪ কোটি টাকায় নেওয়া হয়েছে নাইট ব্রিগেডে। উল্লেখ্য, ২০২২ সালের মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে অধিনায়ক করা হয়েছিল। যদিও চোটের কারণে পরের মরশুম তিনি খেলতে পারেননি।
২০২৪ সালে ফের কেকেআর অধিনায়ক হিসাবে শ্রেয়স কামব্যাক করেন। তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন। আইপিএল খেতাব জয় করে কলকাতা নাইট রাইডার্স। এরপর আশা করা হচ্ছে, আসন্ন মেগা অকশনে তিনি মোটা অঙ্কের টাকা পেতে পারেন।
যদিও কেকেআর মক অকশনে কিন্তু তেমন ছবি একেবারেই দেখতে পাওয়া গেল না। KKR-এই ইউটিউব চ্যানেলে মক অকশনের আয়োজন করা হয়েছিল। সেখানে শ্রেয়সকে মাত্র ৪.৪ কোটি টাকাতেই সই করানো হয়।
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স ম্য়ানেজমেন্টের সঙ্গে আর্থিক চুক্তি নিয়েই মতভেদ হয় শ্রেয়সের। শ্রেয়সের নেতৃত্বে চলতি বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। এই পরিস্থিতিতে আসন্ন মেগা অকশনে তাঁকে ১৫ কোটি টাকা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলো আপাতত একজন অধিনায়ক খুঁজছেই। আর শ্রেয়সকে দলে নিতে তারা মোটা অঙ্কের টাকা খরচ করতে পারে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল হয়েছিলেন শ্রেয়স। ২০২০ সালে তাঁর নেতৃত্বেই দিল্লি ক্যাপিটালস আইপিএল টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল।