১৪তম ওভারে এসেই তিন উইকেট তুলে নিয়ে মহম্মদ সামি বুঝিয়ে দিলেন, ফুরিয়ে যাওয়া দূরে থাক, বরং তাঁর মধ্যে অনেক ক্রিকেট এখনও বেঁচে রয়েছে।

মহম্মদ সামি
শেষ আপডেট: 15 October 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ১৩ ওভারে কোনও উইকেট পাননি। কিন্তু ১৪তম ওভারে এসেই তিন উইকেট তুলে নিয়ে মহম্মদ সামি (Mohammed Shami) বুঝিয়ে দিলেন, ফুরিয়ে যাওয়া দূরে থাক, বরং তাঁর মধ্যে অনেক ক্রিকেট এখনও বেঁচে রয়েছে। সেই সঙ্গে জাতীয় দলের নির্বাচকদেরও বুঝিয়ে দিলেন, তিনি পুরোপুরি সুস্থ।
আজ থেকে রঞ্জি অভিযান (Ranji Trophy) শুরু করেছে লক্ষ্মীরতন শুক্লার ছাত্ররা। প্রথম ম্যাচে তারা ইডেন গার্ডেনে নেমেছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে (Bengal vs Uttarakhand)। প্রথম দিন বঙ্গ পেসারদের দাপটে ২১৩ রানে উত্তরাখণ্ড গুটিয়ে গেলেও দিনের শেষবেলায় অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে বাংলা।
দলের ও নিজের খাতা খোলার আগেই দেবেন্দ্র সিং বোরার বলে আউট হয়ে ফিরে যান অভিমন্যু। স্টাম্প ঘোষণার সময় বাংলার রান ছিল এক উইকেট হারিয়ে ৮। অপরাজিত থেকে দিন শেষ করেছেন সুদীপ চট্টোপাধ্যায় (১) ও সুদীপ ঘরামি (৭)।
এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পেসার মহম্মদ সামি, ঈশান পোড়েল ও সূরজসিন্ধু জয়সওয়াল দাপট দেখালেও ১৪ ওভার বোলিং করে কোনও উইকেট পাননি আকাশ দীপ। ঈশান ও সামি পেয়েছেন তিনটি করে উইকেট আর সূরজের পকেটে ঢুকেছে চারটি। উত্তরাখণ্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ভূপেন লালওয়ানি। ৭১ রান করে ঈশানের বলে উইকেটরক্ষক অভিষেক পোড়েলের হাতে ক্যাচ তুলে আউট হন ভূপেন। বাংলার ইনিংসের ৭৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বলে তিন উইকেট তুলে নিয়ে উত্তরাখণ্ডের ইনিংস শেষ করে দেন মহম্মদ সামি।