
শুভমান গিলের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
শেষ আপডেট: 24 December 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এবার এই সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হতে চলেছে। ইতিমধ্যে তিনটে টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। তবে দুই দলই চতুর্থ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে মেলবোর্ন টেস্ট শুরুর ২ দিন আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক বৈঠক করলেন। তিনি নিজের চোট সম্পর্কে যেমন আপডেট দিলেন, তেমনই শুভমান গিলকে নিয়েও দিলেন স্পেশাল মেসেজ। এই সিরিজে শুভমান গিল এখনও পর্যন্ত ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। সেই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
মেলবোর্নে আসার পর থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলকে প্রথমে ব্যবহার করা উইকেটে অনুশীলন করতে দেওয়া হয়েছিল। কিন্তু, এই ঘটনা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে। এই ব্যাপারে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, মঙ্গলবার টিম ইন্ডিয়াকে অনুশীলন করার জন্য সতেজ উইকেট দেওয়া হবে। টিম ইন্ডিয়ার প্রাথমিক লক্ষ্য, ম্যাচ পরিস্থিতির কথা মাথায় রেখে অনুশীলন শুরু করা।
এরপর শুভমান গিলের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়। জবাবে হিটম্যান বললেন, অ্যাডিলেড টেস্টের দুটো ইনিংসেই শুভমান যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিল। দূর্ভাগ্য এটাই যে শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেনি। রোহিতের স্পষ্ট কথা, ভারতীয় ক্রিকেট দলের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম হলেন শুভমান গিল। ভাল পারফরম্যান্সের উপর ভর করেই তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এই সিরিজটা ওঁর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হচ্ছে।