
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 16 January 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো : রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে নেমেছিল। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এবার এই সিরিজে টিম ইন্ডিয়ার পরাজয় নিয়ে মুখ খুললেন তিনি। স্পষ্ট জানালেন, স্কট বোল্যান্ড না খেললেই টিম ইন্ডিয়া এই সিরিজে জয়লাভ করতে পারত।
অ্যাডিলেডে আয়োজিত পিঙ্ক বল টেস্ট ম্যাচে জস হ্যাজেলউডের পরিবর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন বোল্যান্ড। চোটের কারণে হ্যাজেলউড এই ম্যাচে সুযোগ পাননি। অ্যাডিলেড টেস্টে বোল্যান্ড পাঁচ উইকেট শিকার করলেও পরের টেস্ট ম্যাচে তিনি আর সুযোগ পাননি।
গোটা সিরিজে বোল্যান্ড মাত্র তিনটে টেস্ট ম্যাচ খেলেই ২১ উইকেট শিকার করেন। পাশাপাশি এই সিরিজে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারীর তকমাও পেয়েছিলেন তিনি।
তবে সিডনি টেস্ট ম্যাচে বোল্যান্ড নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। এই টেস্ট ম্যাচে তিনি মোট ১০ উইকেট শিকার করেন। সেকারণে তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্যাচ সেরার খেতাব। পাশাপাশি এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়লাভ করেছিল। সেইসঙ্গে সিরিজও ৩-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নেয়।
অশ্বিনের কথায়, জস হ্যাজেলউডের চোট ক্যাঙারু দলের কাছে কার্যত আশীর্বাদের হিসেবে প্রমাণিত হয়েছে। নিজের হিন্দি ইউটিউব চ্যানেলে অশ্বিন বললেন, 'সকলেই বলছেন এই সিরিজে প্যাট কামিন্স নাকি দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কিন্তু, বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে ওকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। অস্ট্রেলিয়ার ভাগ্য ভাল যে এই দলে স্কট বোল্যান্ড এসেছে। যদি বোল্যান্ড না খেলতেন, তাহলে টিম ইন্ডিয়া অবশ্যই এই সিরিজে জয়লাভ করত।'
অশ্বিন আরও যোগ করেন, 'জস হ্যাজেলউড একেবারেই খারাপ ছিল না। ও একজন অসাধারণ বোলার। কিন্তু, ও যদি বল করত, তাহলে আমরা অবশ্যই জিতে যেতাম। বোল্যান্ডের রাউন্ড দ্য উইকেট বোলিং খেলতে আমাদের বাঁ-হাতি ব্যাটারদের অনেকটাই সমস্যা হয়েছে।'