ভারত যদিও ট্রফি ছাড়াই জয়োল্লাসে মেতেছে, তবু অশান্তির আঁচ এখন আরও বড় হতে চলেছে। প্রশ্ন একটাই—কাপ জিতে খালি হাতে মাঠ ছাড়ার এই ‘অভিজ্ঞতা’কে ক্রিকেট দুনিয়া আর খেলার ইতিহাস কোন চোখে দেখবে?

সূর্যকুমার ও নকভি
শেষ আপডেট: 30 September 2025 08:31
দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের নাটক যেন শেষই হচ্ছে না। পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছে ভারত। কিন্তু শিরোপা হাতে তোলার বদলে দেখা গেল অদ্ভুত ছবি—ট্রফি উধাও! আর এবার সেই কাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে সামনে এলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
খেলা শেষে ভারতীয়রা মাঠেই দাঁড়িয়ে ছিলেন। না তাঁরা ড্রেসিংরুমে ঢুকেছেন, না অনুষ্ঠান শুরু আটকে রেখেছেন। কিন্তু ঠিক তখনই চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। সূর্যের কথায়, ‘আমরা কাউকে অপেক্ষা করালাম না। মঞ্চের নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি ট্রফি নিয়ে ওরা পালাল! হ্যাঁ, ট্রফি নিয়ে স্রেফ চলে গেল ওরা। এটাই আমি দেখেছি!’
টিম ইন্ডিয়ার দাবি ছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেওয়া হবে না। বিকল্প হিসেবে প্রস্তুত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জরুনি। কিন্তু শেষমেশ কিছুই হল না। পাক দল অনেক দেরি করে মাঠে এল, রানার্স-আপ মেডেল নিয়ে গেল, তারপর সাইমন ডুল ঘোষণা করলেন—ভারত কাপ নেবে না। হঠাৎ সেই ফাঁকেই নাকি মহসিন ট্রফি হাতে নকভি স্টেডিয়াম ছেড়ে সটান হোটেলে রওনা হন।
#RERELREL
সূর্য পরিষ্কার সুরে জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনও বোর্ড বা সরকারের নির্দেশে নয়। তাঁর কথায়, ‘প্রথমেই বলে দিই, বিসিসিআই বা সরকারের তরফে আমাদের কাউকে কিছু বলা হয়নি। পুরো সিদ্ধান্ত আমরা মাঠেই নিয়েছি। আমাদের চোখের সামনে ওদের প্রতিনিধি ট্রফি নিয়ে চলে গেল। কিছু দর্শক তখন দুয়ো দিচ্ছিল। তারপর দেখি, কাপ আর নেই!’
চলতি বিতর্কের মধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ইতিমধ্যেই নকভির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, ‘ট্রফি আর মেডেল ওভাবে নিয়ে যাওয়া খেলোয়াড়সুলভ নয়।’
সব মিলিয়ে, ভারত যদিও ট্রফি ছাড়াই জয়োল্লাসে মেতেছে, তবু অশান্তির আঁচ এখন আরও বড় হতে চলেছে। প্রশ্ন একটাই—কাপ জিতে খালি হাতে মাঠ ছাড়ার এই ‘অভিজ্ঞতা’কে ক্রিকেট দুনিয়া আর খেলার ইতিহাস কোন চোখে দেখবে?