বাকি তিনিটি দলের থেকে গুজরাতের দাবি সবচেয়ে জোরাল বলে মনে হচ্ছে। দ্বিতীয় স্থানের জন্য বেঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে প্রতিযোগিতা দেখা যেতে পারে। তবে বেঙ্গালুরু ও পাঞ্জাব যদি তাদের দু’টি ম্যাচই হেরে যায় তবে প্রথম দুইয়ে ঢুকে পড়বে মুম্বই।

আইপিএল ২০২৫
শেষ আপডেট: 22 May 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) প্লে অফের (Play Off) চারটি দল নির্ধারিত হয়ে গিয়েছে। গুজরাত টাইটানস (GT), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS) এবং মুম্বই ইন্ডিয়ানস (MI) প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার দিল্লিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মুম্বাই। এখন লড়াই শীর্ষ দু’টি স্থানের জন্য।
শীর্ষ দুইয়ে থাকা দলগুলি বিশেষ সুবিধা পায়। তাই চারটি দলই শীর্ষে থেকে লিগ রাউন্ড শেষ করার চেষ্টা করবে। তবে, বাকি তিনিটি দলের থেকে গুজরাতের দাবি এক্ষেত্রে সবচেয়ে জোরাল বলে মনে হচ্ছে। একই সঙ্গে, দ্বিতীয় স্থানের জন্য বেঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে প্রতিযোগিতা দেখা যেতে পারে। তবে বেঙ্গালুরু ও পাঞ্জাব যদি তাদের দু’টি ম্যাচই হেরে যায় তবে প্রথম দুইয়ে ঢুকে পড়বে মুম্বই।
২৯ মে থেকে প্লে-অফ পর্ব শুরু হতে চলেছে। কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ২৯ মে মোহালিতে। ৩০ মে মোহালিতেই এলিমিনেটর হবে। কোয়ালিফায়ার-২ আমদাবাদে অনুষ্ঠিত হবে ১ জুন, আর ফাইনালও হবে আমদাবাদে ৩ জুন।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি হবে। এই ম্যাচটি জিতলে সরাসরি ফাইনালে পৌঁছনো যাবে, আর হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পাবে।
কোয়ালিফায়ার-১ এর পরে এলিমিনেটর খেলা হয়। ম্যাচটি পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে হয়। এটি একটি নকআউট ম্যাচ। পরাজিত দল আইপিএল থেকে বাদ পড়বে, আর জয়ী দল কোয়ালিফায়ার-১-এর পরাজিত দলের সঙ্গে কোয়ালিফায়ার-২-এ মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল ফাইনালে কোয়ালিফায়ার-১-এর জয়ী দলের মুখোমুখি হবে, আর হেরে যাওয়া দলটি আইপিএল থেকে বাদ পড়বে।
দেখে নেওয়া যাক প্লে অফের চার দলের অবস্থান:
গুজরাত টাইটানস:
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স ২০২২-এর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সবথেকে ধারাবাহিক দল গুজরাত। ১২টি ম্যাচের মধ্যে নয়টিতে জিতেছে এবং মাত্র তিনটি ম্যাচে হেরেছে তারা। গুজরাতের পয়েন্ট ১৮, নেট রান রেট +০.৭৯৫। দলটির পরবর্তী দুই ম্যাচ রয়েছে ফর্মের বাইরে থাকা লখনউ সুপার জায়ান্টস (২২ মে) এবং চেন্নাই সুপার কিংসের (২৫ মে) বিরুদ্ধে। একটি জয়ও গুজরাটের শীর্ষস্থান নিশ্চিত করবে। তবে, যদি গুজরাট দু’টি ম্যাচই হেরে যায়, তাহলে তাদের তৃতীয় বা চতুর্থ স্থান অর্জনের ঝুঁকি থাকবে। কারণ এই পরিস্থিতিতে, যদি আরসিবি এবং পাঞ্জাব দু’টি ম্যাচই জিততে পারে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ২১। পাশাপাশি তারা হয়ে উঠবে শীর্ষ দুই দল। যেখানে গুজরাতের পয়েন্ট থাকবে ১৮। এমনকি যদি পাঞ্জাব তাদের শেষ ম্যাচটি মুম্বইয়ের কাছে হেরে যায় এবং একটি ম্যাচ জিততে পারে, তবুও তাদের ১৯ পয়েন্ট থাকবে, যা শীর্ষ দুইয়ে শেষ করার জন্য যথেষ্ট হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
গুজরাতের মতো আরসিবিকেও তাদের দু’টি ম্যাচ খেলতে হবে দুই ফর্মহীন দলের বিরুদ্ধে। আরসিবির বর্তমানে ১২ ম্যাচে আটটি জয় নিয়ে ১৭ পয়েন্ট। দলটি তিনটি ম্যাচে হেরেছে, এবং একটি ম্যাচ অমীমাংসিত ছিল। নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে দলটি দুর্দান্ত পারফর্ম করেছে। নেট রান রেট +০.৪৮২। আরসিবির লিগ রাউন্ডে ম্যাচ বাকি রয়েছে ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দু’টি ম্যাচই জিতলে দলের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে। তবে, পাঞ্জাবও যদি তাদের দু’টি ম্যাচ জিততে পারে তখন নেট রান রেট বিষয় হয়ে উঠবে।
আরসিবি যে ফর্মে আছে, তাতে পাঞ্জাবের তুলনায় তাদের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে, যদি বেঙ্গালুরু একটি ম্যাচটি হেরে যায় এবং পাঞ্জাব দু’টি ম্যাচই জিততে পারে, তাহলে বেঙ্গালুরুকে তৃতীয় স্থানে নেমে যেতে হবে।
পাঞ্জাব সুপার কিংস:
শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব এবং রিকি পন্টিংয়ের কোচিংয়ে পাঞ্জাব কিংস এবার দুরন্ত মরশুম কাটাচ্ছে। দলটি এখনও পর্যন্ত ১২টি ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। দলটির ১৭ পয়েন্ট এবং নেট রান রেট +০.৩৮৯। পাঞ্জাবের শেষ দু’টি লিগ রাউন্ডের ম্যাচ দিল্লি ক্যাপিটালস (২৪ মে) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (২৬ মে) বিপক্ষে। যদি তারা দু’টি ম্যাচই জিততে পারে, তাহলে নেট রান রেটের দিক থেকে তারা বেঙ্গালুরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাঞ্জাব চাইবে বেঙ্গালুরু একটি ম্যাচ হেরে যাক এবং তারা দু’টি ম্যাচই জিতুক। এই পরিস্থিতিতে, শীর্ষ দুইয়ে পাঞ্জাবের জায়গা নিশ্চিত হবে। বেঙ্গালুরু এবং পাঞ্জাব যদি একটি করে ম্যাচ হারেও, নেট রান রেট তখন কার্যকর হবে। পাঞ্জাব যদি দু’টি ম্যাচই হারে এবং বেঙ্গালুরু যদি একটি ম্যাচও জিততে পারে, তবুও পাঞ্জাবকে চতুর্থ স্থানে থাকতে হবে এবং বেঙ্গালুরু শীর্ষ দুইয়েই থাকবে। এমন পরিস্থিতিতে মুম্বই তৃতীয় স্থানে থেকে লিগ রাউন্ড শেষ করবে।
মুম্বই ইন্ডিয়ান্স:
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে ১৩টি ম্যাচ খেলেছে। হার্দিকদের শেষ ম্যাচ ২৬ মে পাঞ্জাবের বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলেও মুম্বই শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করতে পারবে না। এটা তখনই সম্ভব হবে যদি পাঞ্জাব এবং বেঙ্গালুরু তাদের দু’টি ম্যাচই হারে। সেক্ষেত্রে, আরসিবি এবং পাঞ্জাব উভয়েরই পয়েন্ট হবে ১৭ এবং মুম্বই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে স্থান নিশ্চিত করবে। আরসিবি এবং পাঞ্জাব যদি একটি করে ম্যাচ জিততে পারে, তাহলে মুম্বইয়ের আশা শেষ হয়ে যাবে।