
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 20 September 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে প্রথম দিনের শেষে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কী হয়েছিল ঘটনাটি? আসুন, সবিস্তারে জেনে নেওয়া যাক।
প্রথম দিনের শেষে তখন ভারতীয় ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। এই সময় ব্যাটিং প্র্যাকটিস করছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার আকাশ দীপ। কারণ দ্বিতীয় দিন যে তাঁকে ব্যাট হাতে নামতে, তা কার্যত নিশ্চিত ছিল।
প্রথমে আকাশ দীপের ব্যাটিং প্র্যাকটিস যথেষ্ট মনোযোগ সহকারে দেখছিলেন রোহিত শর্মা। কিছুক্ষণ পর তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। এমন সময় আকাশ দীপ একটি কভার ড্রাইভ করার চেষ্টা করেন। বলটা রোহিতের পায়ে সজোরে আঘাত করতেই যাচ্ছিল। ঠিক এমন সময় লাফিয়ে ওঠেন হিটম্যান। অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
Rohit Sharma be like :
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) September 20, 2024
"Abe dekh ke Khel na kya kar Raha hai."???? pic.twitter.com/cdyCdukCJp
প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শুরুতেই টিম ইন্ডিয়া বাকি চার উইকেট হারিয়ে ফেলে। দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা আর কোনও রান করতে পারেননি। ১২৪ বলে জাদেজা ৮৬ রান করেন। এছাড়া আকাশ দীপ করেন গুরুত্বপূর্ণ ১৭ রান। তবে রবি অশ্বিন ১৩৩ বলে ১১৩ রান করেছেন।
এরপর ভারতীয় পেসাররা যথেষ্ট দাপট দেখালেন। দ্বিতীয় দিন লাঞ্চের আগেই বাংলাদেশের তিন উইকেট পড়ে যায়। প্রথম বলে শাদমান ইসলামের উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। পরপর ২ বলে জাকির হাসান এবং মমিনুল হককে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন আকাশ দীপ।
দিনের দ্বিতীয় সেশনেও টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত রয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়া অধিনায়ক শান্তকে আউট করলেন মহম্মদ সিরাজ। আপাতত ৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতীয় বোলাররা তাদের কত রানের মধ্যে অলআউট করতে পারে, সেটাই আপাতত দেখার।