আত্মবিশ্বাসী ব্যাখ্যাই এখন বুমেরাং। গম্ভীরের কোচিংয়ে ভারতের টেস্ট রেকর্ড নিয়েও ভীষণ ক্ষুব্ধ সমর্থকরা। পরিসংখ্যান বলছে—তাঁর তত্ত্বাবধানে খেলা ১৮ টেস্টে ভারতের জয় মাত্র ৭, হার ৯।
.jpeg.webp)
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 16 November 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: কেউ এক্স–হ্যান্ডেলে (X) বেশ লম্বাচওড়া পোস্টে লিখলেন, ‘বিরাট কোহলির অধিনায়কত্বে আমরা ঘরের মাটিতে খেলা ৮ টেস্টের (Test Cricket) দুটিতে জিতেছি। গৌতম গম্ভীরের কোচিংয়ে (Head Coach) গত ১ বছরে ৪ টেস্ট হারতে হয়েছে। সেটাও অস্ট্রেলিয়া (Australia) কিংবা ইংল্যান্ড (England) নয়—নিউজিল্যান্ড (New Zealand) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) হাতে। টেস্টে আধিপত্য দেখাতে চাইলে অনুগ্রহ করে এঁকে সরিয়ে লক্ষ্মণকে দায়িত্ব দিন।’
আবার কেউ মেলে ধরলেন গম্ভীরের কুর্সিতে বসার পর বর্ডার–গাভাসকর ট্রফি (Border–Gavaskar Trophy) থেকে শুরু করে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়, নিউজিল্যান্ডের হাতে চুনকাম হওয়ার নির্লজ্জ রেকর্ডও। আতসকাচের তলায় এল সামিকে (Mohammed Shami) বাদ দেওয়া, বিরাট–রোহিতের (Virat Kohli, Rohit Sharma) তড়িঘড়ি অবসর নেওয়ার টুকরো খবরও। সব মিলিয়ে নির্যাস: ‘গৌতম গম্ভীর ভারতের জঘন্যতম কোচ—একমত হলে ট্যুইট লাইক করুন!’
ইডেনে কার্যত জোর খাটিয়ে র্যাঙ্ক টার্নার (Rank Turner) পিচ বানিয়ে মুখ পোড়ানোর পর এভাবেই সমাজমাধ্যমে নিশানায় টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। ১২৪ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে না পারার পর ভরাডুবির ময়নাতদন্তে মুখ্য হয়ে উঠেছে গম্ভীরের গোঁয়ার্তুমি—এমনই দাবি সমর্থকদের বড় অংশের।

ম্যাচ–শেষ প্রেস কনফারেন্সে (Press Conference) দাঁড়িয়ে গম্ভীর যা বললেন, তা আরও আগুনে ঘি ঢেলেছে। তাঁর বক্তব্য—উইকেটটাই নাকি ছিল ‘একদম তাঁদের চাওয়া–মতো’। সমর্থকদের বিস্ময় এখানেই: যদি প্রত্যাশামাফিক পিচ হয়, তবে সামান্য টার্গেট চেজে ধস নামল কীভাবে?

গম্ভীরের কথায়, ‘এটা কোনও কঠিন বাইশ গজ ছিল না। আমরা যে পিচ চেয়েছিলাম, এটাই সেটা। কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee) খুবই সাপোর্টিভ। এই পিচে মানসিক দৃঢ়তা থাকলে রান করা সম্ভব। যে ভালো ডিফেন্স খেলেছে, সে রান করেছে।’

তিনি আরও দাবি করেন, এ উইকেটে ‘ডেমন’ বলে কিছু ছিল না এবং বেশিরভাগ উইকেটই নিয়েছেন সিমাররা (Seamers)। গম্ভীরের ভাষায়—‘অক্ষর, বাভুমা, ওয়াশিংটন—তিন জনেই রান করেছে। যদি বলো এটা টার্নার, তা হলে জানা উচিত—বেশিরভাগ উইকেট সিমার নিয়েছে। আমরা চাই স্পিনাররা শুরু থেকেই সাহায্য পাক যেন টস এত বড় ফ্যাক্টর না হয়।’
কিন্তু এই আত্মবিশ্বাসী ব্যাখ্যাই এখন বুমেরাং। গম্ভীরের কোচিংয়ে ভারতের টেস্ট রেকর্ড নিয়েও ভীষণ ক্ষুব্ধ সমর্থকরা। পরিসংখ্যান বলছে—তাঁর তত্ত্বাবধানে খেলা ১৮ টেস্টে ভারতের জয় মাত্র ৭, হার ৯। এমন পারফরম্যান্সে দ্বিতীয় টেস্ট (Second Test) শুরু হওয়ার আগেই চাপ তুঙ্গে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে কঠোর সমালোচনা। কেউ বলছেন—এমন স্পর্শকাতর ম্যাচে এমন ‘ইচ্ছেমাফিক’ পিচ তৈরি করানোই গম্ভীরের বড় ভুল। কেউ বলছেন—টিম কম্পোজিশন, পরিকল্পনা, ব্যাটিং অর্ডার—সব ক্ষেত্রেই কোচের দৃঢ়তা দেখানো এখন দলের বিপদ।