
সৌরভের দিল্লি প্লে অফের পথে।
শেষ আপডেট: 14 May 2024 23:32
দা ওয়াল ব্যুরো: একটা দলের ৪৪ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে আর কী ই বা বাকি থাকতে পারে।
দিল্লির ২০৮ রান তাড়া করতে নেমে কে এল রাহুলের লখনউ দ্রুত চার উইকেট হারিয়ে ফেলেছিল তারপর দলকে অক্সিজেন দেন নিকোলাস পুরান। তিনি ৬১ রান করেন মাত্র ২৭ বলে। তার মধ্যে ছিল ছয়টি চার এবং চারটি ওভার বাউন্ডারি। দিল্লি জিতে গেল ১৯ রানে। লখনউ করল শেষমেশ ১৮৯/৯।
তারপর আরশাদ খানের লড়াই ছিল দেখার মতো। তিনি এমনভাবে খেলছিলেন দিল্লি দলকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু হাতে কোনও উইকেট ছিল না বলে তিনি ঝুঁকি নিতে পারছিলেন না।
এই ম্যাচে দিল্লির মোট আট বোলার বোলিং করেছেন। সবচেয়ে সফল ইশান্ত শর্মা। তিনি দেখালেন পুরনো চাল ভাতে বাড়ে। দলের বাকি তরুণ বোলাররা যখন মার খাচ্ছেন সেসময় ইশান্ত নিজের কাজ করে গিয়েছেন।
শেষ ১০ বলে ২৭ রান দরকার ছিল। আগের ওভারে মুকেশ কুমার ভাল বোলিং করেছেন। আর একদিকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন আরশাদ। তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবুও দলকে জেতাতে ব্যর্থ হলেন। দিল্লি জিতে প্লে অফের পথে অনেকটা এগিয়ে গেল। আর সঞ্জীব গোয়েঙ্কর লখনউ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল।
এদিকে, আবারও দুরন্ত ইনিংস খেললেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। এর আগের ম্যাচেও ভাল খেলেছিলেন চন্দননগরের ছেলেটি। চলতি আইপিএলে টানা ভাল খেলেছেন অভিষেক। তিনি সকলের নজর কেড়েছেন। লখনউ দলের বিরুদ্ধে দিল্লি প্রথমে ব্যাটিং করে তুলেছে ২০৮/৪।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচেও অভিষেক ওপেন করে তুলেছেন ৩৩ বলে ৫৮ রান, ইনিংসে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। পাশাপাশি ত্রিস্তান স্টাবস করলেন ২৫ বলে ৫৭ রান, তিনি তিনটি চার এবং চারটি ছয় মারেন। স্টাবস শেষমেশ অপরাজিত থেকে গিয়েছেন।
দিল্লি দলের মিডলঅর্ডার ব্যাটারদের মধ্যে সাই হোপ (৩৮) ও ঋষভ পন্থ (৩৩) আউট হয়ে গেলেও শেষে এসে স্টাবস দারুণ ইনিংস খেলে দিয়েছেন।
দিল্লির এই জয় টিম গেম হিসেবেও জয়।