একটা বিষয় স্পষ্ট। বয়সের ভার আর অবসর ঘোষণার পরও ওয়ান ডে-তে নিজেকে ধরে রাখতে চাইলে ফিটনেসই রোহিতের সবচেয়ে বড় অস্ত্র। আর এই ব্রঙ্কো টেস্ট উতরে অন্তত এটুকু প্রমাণ করলেন—‘হিটম্যান’ এখনও বাইশ গজে ফুলঝুরি ছোটাতে পুরপুরি প্রস্তুত।

রোহিত শর্মা
শেষ আপডেট: 1 September 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৩৮। আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলা দিনগুলো পেরিয়ে এসেছেন। ওয়ান ডে টিমের অধিনায়ক ঠিকই। কিন্তু সেটা নামে। সিংহাসন টলমলে, মুকুটে বিঁধছে কাঁটা। জমছে প্রশ্ন, নামতে হচ্ছে পরীক্ষায়!
তেমনই এক অগ্নিপরীক্ষায় অতিসম্প্রতি নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটের ধার ঝালাইয়ের কোনও ঘরোয়া ক্রিকেটের মঞ্চ নয়। হিটম্যানকে বসতে হয় ফিটনেস টেস্ট প্রমাণে। সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) চালু করা ব্রঙ্কো টেস্ট (Bronco Test) দিলেন তিনি। ফলাফল নিয়ে অনুরাগীদের অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। কারণ, কেরিয়ারের সোনার দিনগুলোতেও কোনওদিনই শরীরী কসরতে সেভাবে প্রতিভার বিচ্ছুরণ দেখাননি যিনি, তিনি প্রান্তবেলায় কি আদৌ পাস করতে পারবেন? আশঙ্কা অমূলক ছিল না।
কিন্তু কাল এই টেস্টের যে রিপোর্ড কার্ড হাতে এল, তাতে দেখা যাচ্ছে, শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। কুড়িয়েছেন প্রশংসা। এমনকি পারফরম্যান্স দেখে ট্রেনিং স্টাফেরাও চমকে গিয়েছেন!
প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ অগস্ট বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হয় এই ফিটনেস পরীক্ষা। দীর্ঘদিন ধরে দলের খেলোয়াড়দের জন্য ‘ইয়ো-ইয়ো টেস্ট’ (Yo-Yo Test) চালু থাকলেও সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কঠিন ‘ব্রঙ্কো টেস্ট’। আর তাতেই নজর কেড়েছেন রোহিত। একটি ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী (RevSportz Global), শুধু টিমের অধিনায়ক নন, পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক ক্রিকেটারই পাস করেছেন। তবে বিশেষভাবে আলোচনায় রোহিতের প্রস্তুতি ও উপস্থিতি। তরুণদের সঙ্গে তাল মিলিয়ে দৌড়েছেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) পারফরম্যান্সও নাকি পরীক্ষকদের মুগ্ধ করেছে।
ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিতের জায়গা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছে। টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন। রয়ে গিয়েছে শুধু ওয়ান ডে ফরম্যাট। গত জুনে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পরই বিদায় জানান টি-২০-কে। এর চার মাস পর, অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর শেষ হয়ে যায় লাল বলের ক্রিকেটের বর্ণময় অধ্যায়।
আপাতত রোহিত ওয়ান ডে দলের সদস্য, অধিনায়কও বটে। এ বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫ ম্যাচে ৪১৮ রান করেছেন। শুরুটা খারাপ হলেও সিজনের মাঝপথে ফর্মে ফেরেন। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাঁর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, তা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছিল। সেই আবহেই এই ফিটনেস টেস্ট পেরোনো বড় স্বস্তি। তার কারণ, মনোজ তিওয়ারির মতো অনেকেরই আশঙ্কা ছিল, নির্বাচকরা বিশ্বকাপ পরিকল্পনায় রোহিতকে রাখতে চান না। বোর্ডের কর্তারা জানেন, ফিটনেসে পিছিয়ে পড়া রোহিতের পক্ষে এই পরীক্ষায় পাস করাটা কার্যত দুঃসাধ্য! আর সেই কারণে আগেভাগে ছেঁটে ফেলতেই কঠিনতর ব্রঙ্কো টেস্টের আমদানি! কিন্তু সেটা যে কষ্টকল্পনা ছিল, সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়ে, ট্রেনারদের তাক লাগিয়ে প্রমাণ করলেন দলের অধিনায়ক।
আগামী অক্টোবরেই ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে (১৯, ২৩, ২৫ অক্টোবর)। তার আগে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর কানপুরে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘দল। সেখানে রোহিতকে দেখা যাবে কি না, তা এখনও অনিশ্চিত।
তবে একটা বিষয় স্পষ্ট। বয়সের ভার আর অবসর ঘোষণার পরও ওয়ান ডে-তে নিজেকে ধরে রাখতে চাইলে ফিটনেসই রোহিতের সবচেয়ে বড় অস্ত্র। আর এই ব্রঙ্কো টেস্ট উতরে অন্তত এটুকু প্রমাণ করলেন—‘হিটম্যান’ এখনও বাইশ গজে ফুলঝুরি ছোটাতে পুরপুরি প্রস্তুত।