পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম বিজয় ছাভান (৩৫)। পালাঘরের নালাসোপারায় স্ত্রী কোমলের সঙ্গে থাকতেন তিনি। গত ১৫ দিন ধরেই নিখোঁজ ছিলেন বিজয়। পরিবার ও বন্ধুরা খোঁজ করেও কোনও হদিশ পাননি।

'দৃশ্যম' এবার বাস্তবে!
শেষ আপডেট: 21 July 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন 'দৃশ্যম' সিনেমার চিত্রনাট্য। রহস্যময়ভাবে নিখোঁজ ছিলেন মহারাষ্ট্রের যুবক। একটানা কয়েকদিন খোঁজাখুঁজির পর ঘরের মেঝে খুঁড়েই উদ্ধার হল তাঁর মৃতদেহ। খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পরকীয়ার জেরেই খুন, অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম বিজয় ছাভান (৩৫)। পালাঘরের নালাসোপারায় স্ত্রী কোমলের সঙ্গে থাকতেন তিনি। গত ১৫ দিন ধরেই নিখোঁজ ছিলেন বিজয়। পরিবার ও বন্ধুরা খোঁজ করেও কোনও হদিশ পাননি। সোমবার সকালে মৃতের ভাইরা তাঁর বাড়িতে যান। সেখানে তাঁরা লক্ষ্য করেন ঘরের মেঝেতে কিছু টাইলসের রঙ অন্যগুলির থেকে আলাদা।
সন্দেহ হওয়ায় ওই জায়গার টাইলস খুলতেই প্রথমে বেরিয়ে আসে একটি স্যান্ডো গেঞ্জি। নাকে আসে পচা গন্ধ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে মেঝে খুঁড়ে নিখোঁজ বিজয়ের দেহ উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়।
তদন্তে উঠে এসেছে, স্থানীয় এক যুবক মনুর ঘনিষ্ঠ ছিলেন কোমল। পুলিশ অনুমান করছে, দু’জনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক এগিয়ে নিয়ে যেতেই স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন দুজন। সেই থেকেই এই খুন বলে অনুমান।
পুলিশের তরফে আরও জানা গিয়েছে, বিজয়ের দেহ উদ্ধার হওয়ার পরই কোমল ও মনু গা ঢাকা দেয়। তাই দু'জনকেই সন্দেহভাজন হিসেবে দেখছে তদন্তকারীরা। কোমল ও মনুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাঁদের মোবাইল ফোন ট্র্যাক করে লোকেশন জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হবে বিজয়ের কল রেকর্ডও।
এই নৃশংস খুনের ঘটনা মনে করিয়ে দিচ্ছে একটি বলিউড সিনেমার। অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’-এর সেই দৃশ্য, যেখানে খুনের প্রমাণ লোপাট করতে মৃতদেহ মেঝের নীচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে মহারাষ্ট্রের এই ঘটনা একেবারেই বাস্তব।