
শেষ আপডেট: 5 October 2023 09:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় নীল-সাদা রঙ বলতেই অনেকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কথা মনে পড়ে। রাজ্যে পালাবদলের পর সচিবালয় তথা নবান্ন থেকে শুরু করে যাবতীয় সরকারি ভবনের থিম কালার হয়েছে নীল-সাদা। ঘটনাচক্রে নরেন্দ্র মোদী জমানায় শুরু হওয়া সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের রঙও গোড়া থেকে নীল সাদা। কিন্তু লোকসভা ভোটের আগে গেরুয়া ও সাদার ডিজাইনে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ আসতে শুরু করেছে। তা নিয়েই এখন প্রশ্নের মুখে কেন্দ্রের সরকার।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো অবশ্য কমলা রঙের বন্দে ভারত নিয়ে রাজনৈতিক অভিপ্রায়ের অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি এর পিছনে বিজ্ঞানসম্মত ভাবনা রয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে রেলমন্ত্রী বলেছেন, “মানুষেক চোখে দুটি রঙ সবচেয়ে উজ্জ্বল ভাবে ধরা পড়ে—হলুদ ও কমলা। ইউরোপে ৮০ শতাংশ ট্রেনের রঙ হলুদ বা কমলার কম্বিনেশনে রয়েছে”।
তাঁর কথায়, “হলুদ বা কমলা ছাড়া সিলভার কালারও উজ্জ্বল। কিন্তু মানুষের চোখে বেশি ধরা পড়ে দুটি রঙ। সে কথা ভেবেই নতুন বন্দে ভারতের কোচের রঙ করা হয়েছে।”
এখানেই না থেমে রেলমন্ত্রী আবার বিমান ও জাহাজের প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেন, বিজ্ঞানসম্মত কারণে বিমান ও জাহাজের ব্ল্যাক বক্সের রঙও কমলা। এমনকি উদ্ধারকারী নৌকো, লাইফ জ্যাকেটের রঙও কমলা।
ভারতীয় রেল প্রথম কমলা-ধূসর রঙের বন্দে ভারতের কোচ নামিয়েছে গত ২৪ সেপ্টেম্বর। কেরলের কাসাড়গড় থেকে তিরুবনন্তপুরমের মধ্যে এই ট্রেন চলছে। ওই দিন কলকাতা-পাটনা, কলকাতা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও শুরু হয়েছে। তবে তার রঙ নীল সাদা।
ট্রেনের রঙ নিয়ে অতীতে আরও অনেক গল্প রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় শুরু হয়েছিল দুরন্ত এক্সপ্রেস ও যুবা ট্রেন। ওই দুই ট্রেনের ডিজাইন মমতা নিজেই এঁকেছিলেন। এখনও সেই কোচ রয়েছে। তবে কমলা রঙের ট্রেন ভারতীয় রেলে আগে কখনও ছিল না। মোদী জমানায় তা নবতম সংযোজন।