
শেষ আপডেট: 16 December 2023 20:53
দ্য ওয়াল ব্যুরো: হাজির হতে বলা হয়েছিল শনিবার। রাহুল গান্ধী যাননি। নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট জানিয়ে দিলেন, ৬ জানুয়ারি সশরীরের হাজির হতেই হবে রাহুল গান্ধীকে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের একটি আদালত শনিবার এই নির্দেশ জারি করেছে। বিচারক বলেছেন, ৬ জানুয়ারি রাহুল গান্ধীকে সশরীরে হাজির হতেই হবে।
শাহের মানহানির অভিযোগ নিয়ে মামলাটি করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ, ২০১৮ সালের ৪ অগাস্ট একটি জনসভায় রাহুল স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন।
ক’দিন আগেই রাহুল ক্ষোভের সঙ্গে বলেছিলেন, বিজেপি তাঁর বিরুদ্ধে দেশের নানা প্রান্তে মামলা দায়ের করে রেখেছে। মোট ২৬টি মানহানির মামলা সামলাতে হচ্ছে তাঁকে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানহানির অভিযোগে গুজরাতের সুরাতের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’ বছরের কারাবাসের সাজা দেয়। সেই মামলায় কংগ্রেস নেতা এখন জামিনে মুক্ত। জামিন মেলায় লোকসভার সদস্যপদ চলে যাওয়ার পরও ফিরে পেয়েছেন।
সুলতানপুরের এমপি-এমএলএ আদালত এর আগে রাহুলকে সশরীরে হাজিরা থেকে ছাড় দিয়েছিল। ২৭ নভেম্বর মামলার শুনানি শেষ হয়। শনিবার ১৬ ডিসেম্বর রাহুলের বক্তব্য নথিভুক্ত করতে তলব করেছিলেন বিচারক। কংগ্রেস নেতার পক্ষ থেকে হাজির থাকতে না পারার কথা আদালতকে জানানো হয়েছিল কি না, জানা যায়নি।