
প্রিয়ঙ্কা গান্ধী
শেষ আপডেট: 8 February 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি জিতছে, আপ হারছে। তবে দিল্লি ভোটের ফলাফলে কংগ্রেস একই জায়গায়, শূন্য। এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি হাত শিবির। মাঝে একটি মাত্র আসনে কিছু সময়ের জন্য খালি এগিয়ে ছিল তাঁরা। তারপর আবার যে কে সেই! এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রশ্ন কংগ্রেসের যে কোনও নেতা-নেত্রী এড়িয়ে যাবেন সেটাই স্বাভাবিক। এটাই করলেন প্রিয়ঙ্কা গান্ধী।
একদিকে যখন দিল্লির ভোটের ফলাফল স্পষ্ট আর উৎসবে মেতে উঠেছে পদ্ম শিবির, সেই সময়ে কেরলের কুন্নরে রয়েছেন কংগ্রেস সাংসদ। সেখানেই সাংবাদিকরা তাঁকে দিল্লি ভোটের ফল নিয়ে প্রশ্ন করেন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি প্রিয়ঙ্কা গান্ধী। তিনি শুধু বলেন, 'আমি কিছুই জানি না, ফলাফল এখনও পর্যন্ত দেখিইনি আমি...'। সর্বশেষ খবর অনুযায়ী, দিল্লিতে ৪৬টি আসনে এগিয়ে গেছে মোদীর বিজেপি। অন্যদিকে, গত ২০২০ সালে ৬২ আসনে জেতা কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র ২৪টিতে এগিয়ে রয়েছে।
#WATCH | Kannur, Kerala | Speaking on Delhi election results, Congress MP Priyanka Gandhi Vadra says, "I don't know, I haven't checked the results yet." pic.twitter.com/L3CujdaraO
— ANI (@ANI) February 8, 2025
দিল্লির নির্বাচনের আগে কংগ্রেস-আপ দ্বন্দ্ব কার্যত সীমানা ছাড়িয়েছিল। কংগ্রেসের এক নেতা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলে কটাক্ষ করেছিলেন! একই সঙ্গে, আপের শাসনে দিল্লি কত দুর্নীতি হয়েছে সেই নিয়েও বড় দাবি করেছিলেন। পাশাপাশি কেজরিওয়ালকে দেশবিরোধীও বলেছিলেন। অন্যদিকে, ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি তুলেছিল আপ। একই সঙ্গে অভিযোগ ছিল, দিল্লির নির্বাচনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তারা। বিশ্লেষকদের মতে, এটা ভোটের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে গেছে।
ভোটের ফলের আগেই অবশ্য অরবিন্দ কেজরিওয়াল খোদ দাবি করেছিলেন যে এবার আপের আসন কমতে পারে। কিন্তু মহিলা ভোটের সংখ্যা ঠিক মতো হলে তা ৬০-এর গণ্ডি পেরোতে পারে। কিন্তু আপাতত ট্রেন্ড যা বলছে তাতে হয়তো ৩৫ আসনও পাবে না কেজিরর দল। আর কংগ্রেসের ফল শেষ পর্যন্ত কী হয় সেটাও দেখার বিষয় হবে।