
শেষ আপডেট: 27 February 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের নয় মাস আগে ঘটা করে মন্ত্রিসভা সম্প্রসারণ (Cabinet Expansion) করেছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমার (Nitish Kumar)। আশ্চর্যের হল, নতুন সাত মন্ত্রীই বিজেপির (BJP)। নীতীশের নিজের দল জনতা দল ইউনাইটেডের (JDU) কোনও বিধায়ককে এই দফায় মন্ত্রী করা হয়নি।
শুধু তাই নয়, নতুন সাত মন্ত্রীকে দিয়েছেন নয়টি দফতরের ভার। এ জন্য সরকারের শরিক দল জীতন রাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চার একমাত্র মন্ত্রীর হাত থেকে একটি মন্ত্রক নিয়ে নেওয়া হয়েছে। বুধবারের সম্প্রসারণের পর বিহার মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৩৬। এরমধ্যে বিজেপির মন্ত্রী ২১জন। তাঁদের দু’জন উপমুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর দল জেডিইউ-র মন্ত্রী সংখ্যা ১১। বাকি মন্ত্রীরা শরিক দল এবং নির্দল বিধায়ক।
নীতীশের বিজেপিকে এভাবে খাতির করা নিয়ে তাঁর দলেই প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে নেতা-বিধায়কেরা কেউ মুখ না খুললেও একান্তে অনেকেই বলছেন, নীতীশ বিজেপির কাছে সরকার বিক্রি করেছেন। বিজেপিকে তুষ্ট রেখে ফের মুখ্যমন্ত্রী হতে চান। আগামী নভেম্বরে বিহার বিধানসভাপ ভোট।
তাৎপর্যপূর্ণ হল, হালে নীতীশের ছেলে নিশান্ত কুমারের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু গত পরশু সুর বদলে নিশান্ত বলেছেন, আমার রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা নেই। বিজেপিতে বলছি, আমার বাবা যাতে ফের মুখ্যমন্ত্রী হতে পারেন এখনই তা ঘোষণা করা হোক। বাবা বিহারের জন্য অনেক কিছু করেছেন।
ওয়াকিবহাল মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর গদি আঁকড়ে থাকতে মরিয়া নীতীশ শেষ দল নয়, আশ্রয় করেছেন রাজনীতিতে অনাগ্রহী পুত্রকে। যদিও নীতীশের মানসিক সুস্থতা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন আছে নানা মহলে। দলের একাংশ চাইছে তিনি দল ও সরকারের নেতত্ব থেকে সরে দাঁড়ান। যদিও বাকিদের কথায় কর্ণপাত না করে নীতীশ মুখ্যমন্ত্রীর কুর্সি নিরাপদ রাখতে এখন থেকেই তৎপর।
যদিও আগামী বিধানসভা ভোটে জোট ক্ষমতায় এলে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। যে কারণে মন্ত্রিসভায় নিজেদের প্রতিনিধিত্ব বাড়িয়ে নিল তারা। পদ্ম শিবিরের ভাবনা আঁচ করে নীতীশ আগাম বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বোঝাপড়া সেরে রাখলেন। পদ্ম শিবিরকে খুশি করতে এমনকী বিজেপি সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করতে পাটনার সার্কিট হাউসে গিয়ে হাজির হন। যদিও এক বছর আগে নীতীশকে বিজেপি জোটে টেনে আনতে নাড্ডাই গিয়েছিলেন নীতীশের সরকারি বাংলোয়।