
শেষ আপডেট: 4 October 2023 07:41
দ্য ওয়াল ব্যুরো: নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন বা ইউপিএর আওতায় অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। মঙ্গলবার নিউজক্লিকের অফিস-সহ ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়। তারপরেই গ্রেফতার করা হয় সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও নিউজক্লিকেরই এক সাংবাদিক অমিত চক্রবর্তীকে।
সন্ত্রাসবাদ বিরোধী আইনে সহ একাধিক ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। চিনের হয়ে প্রচারের জন্য বিদেশ থেকে তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে এই অনলাইন পোর্টালটির বিরুদ্ধে।নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট বের করেছিল কিছুদিন আগে। সেখানে বলা হয়েছিল, চিনের হয়ে নাকি প্রচার চালাত ওই নিউজ পোর্টাল। সেই জন্য পয়সাও পেত তারা। তারপরেই তদন্তে নামে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। তল্লাশি চালানো হয় নিউক্লিকের অফিস সহ দিল্লির আরও কয়েকটি জায়গায়। তল্লাশির পর ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয় এবং নিউজক্লিকের অফিসও সিল করে দেওয়া হয়েছে বলে খবর।
দিল্লি পুলিশ বলেছে, “মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষকে জেরা করা হয়েছে। পাশাপাশি ৯ জন সন্দেহভাজন মহিলার বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, নথিপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।” পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক উর্মিলেশ, অমিত চক্রবর্তী, অভিসার শর্মা, পরঞ্জয় গুহঠাকুরতা, ইতিহাসবিদ সোহেল হাশমি এবং সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের ডি রঘুনন্দনকেও জেরা করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, চিনের হয়ে প্রচার করো নিউজক্লিক প্রায় ৩৮ কোটি টাকা পেয়েছে। এমনকী এই ওয়েবসাইটে নাকি চিনের খবর প্রচারের জন্যই ব্যবহার করা হচ্ছিল।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি।“