স্বপ্নের সফর শোকের উড়ানে পরিণত হয়েছে রাজস্থানের খুশবু রাজপুরোহিতেরও। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে তিনিও ছিলেন।

স্বামীর সঙ্গে দেখা হল না খুশবুর।
শেষ আপডেট: 12 June 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ওড়ার কিছুক্ষণেই দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীর ২৪২ জনই সম্ভবত নিহত। আমদাবাদের পুলিশ কমিশনার খোদ সে কথা জানিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। বৃহস্পতিবার রয়টার্সকেও আমদাবাদ পুলিশজানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ ইতিমধ্যেই আনা হয়েছে এখনও অবধি।
স্বপ্নের সফর শোকের উড়ানে পরিণত হয়েছে রাজস্থানের খুশবু রাজপুরোহিতেরও। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে তিনিও ছিলেন। বেশি দিনের কথা না, চলতি বছরের জানুয়ারিতেই তাঁর বিয়ে হয় লন্ডননিবাসী পড়ুয়া মনফুল সিংয়ের সঙ্গে। বিয়ের পর এই প্রথমবার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু আশাপূরণের আগেই নিভে গেছে জীবনদীপ।
বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়ে।
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি আবার বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে প্রায় ৫০ জন চিকিৎসক থাকেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন ক্রু বা কর্মী। যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এবং ১৬৯ জন ভারতীয়। এই ১৬৯ জনেরই একজন রাজস্থানের খুশবু।