
শেষ আপডেট: 4 February 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: জেলের জীবন কেমন? সাধারণ মানুষের তা খুব একটা জানার কথা নয়। তবে যারা জেল খেটেছেন তাদের অভিজ্ঞতা যে একদমই সুখকর নয়, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জেলের মধ্যে নানান রোগের বাড়বৃদ্ধিও খুব স্বাভাবিক ব্যাপার সেটাও পরিষ্কার। কিন্তু লখনউ জেল কর্তৃপক্ষের চিন্তার কারণ অন্য।
কদিন আগে লখনউ জেলের ১১ জন বন্দি এইচআইভি আক্রান্ত হয়েছে বলে খবর এসেছিল। বেশিদিন না যেতেই সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭-এ! অর্থাৎ চোখের পলকে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। নিয়মমাফিক, জেলের সব বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাতেই এই রিপোর্ট সামনে এসেছে।
জানা গেছে, এইডস কন্ট্রোল সোশাইটির নির্দেশে ২০২৩ সালের ডিসেম্বর মাসে জেলবন্দিদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সময়ে প্রথমে ১১ জনের এইচআইভি ধরা পড়ে। কিছুদিনের মধ্যেই তা ৪৭ হয়েছে। তবে এখানেই শেষ নয়, আরও বেশ কয়েকজন বন্দি এই রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আক্রান্ত বন্দিদের জেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে এবং বাকিদের পর্যবেক্ষেণে রাখা হয়েছে বলে খবর। এত দ্রুত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত অন্য রোগীরাও। জেল কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসকদের পরামর্শ মেনে সকল আক্রান্ত বন্দিদের জন্য আলাদা ডায়েট চার্ট তৈরি করেছে।