
শেষ আপডেট: 30 December 2023 13:01
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রাম মন্দিরের উদ্ধোধনের আরও সপ্তাহ তিন বাকি। তার আগে শনিবার অযোধ্যা সফরে গিয়ে প্রচারের ঝড় তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা পৌঁছে তিনি প্রথমে গিয়েছেন নতুন সাজে সজ্জিত রেল স্টেশনে। যাত্রাপথে প্রধানমন্ত্রীর রোড-শো ঘিরে ছিল তুমুল উন্মাদনা। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ রাস্তার দু’ধারে মানববন্ধন করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর শনিবারের সফরকে বিজেপি ও তাদের সহযোগী সংগঠনগুলি সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের বিশাল কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরকে হাতিয়ার করে পদ্ম শিবির প্রচারে ভারত জোড়োর পরিকল্পনা নিয়েছে। এছাড়া প্রথমসারির টেলিভিশন সংবাদমাধ্যম তো আছেই। কয়েক শো চ্যানেল প্রধানমন্ত্রীর শনিবারের অযোধ্যা কর্মসূচি থেকে লাইভ সম্প্রচার করছে। বিজেপির নেতা-কর্মীদের বলা হয়েছে, মোদীর কর্মসূচির ছবি, ভিডিও ফেসবুক, ট্যুইটারে যথেচ্ছ প্রচার করতে। বিমানবন্দর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী অযোধ্যা স্টেশন থেকে বন্দেভারত ও অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। একটু পরে উদ্বোধন করবেন অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরের। মোদী উদ্বোধনের পর বেলা ২’টা ৪০ মিনিট নাগাদ ইন্ডিগোর একটি বিমান যাত্রীদের নিয়ে দিল্লি উড়ে যাবে। সেই বিমানের পাইলট ক্যাপ্টেন আশুতোষ শেখর ও তাঁর বাবা-মা মুক্তেশ্বর সিং ও মধুরানী সিং’কে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।