
শেষ আপডেট: 12 March 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। রাজস্থানের জয়সলমিরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। বড়সড় বিপদ এড়ালেন বিমান চালক।
জয়সলমিরের জওহরনগরের একটি পরিত্যক্ত এলাকায় যুদ্ধবিমান ভেঙে পড়েছে। ঘটনাটিতে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। ‘লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ)’ তেজস যুদ্ধবিমানটি প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। তেজসের এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
जैसलमेर में तेजस फाइटर प्लेन क्रैश होने से पहले का Video देखिए –
— Sachin Gupta (@SachinGuptaUP) March 12, 2024
ये हादसा पोखरण से 100 KM दूर हुआ है। पोखरण में आज युद्ध अभ्यास चल रहा है, जहां PM मोदी मौजूद हैं। सेना ने कोर्ट ऑफ इंक्वायरी का आदेश दिया। pic.twitter.com/8wRE2gyRcG
ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার একটি তেজস বিমান আজ মঙ্গলবার অপারেশনাল ট্রেনিংয়ের সময়ে জয়সলমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বায়ুসেনা।
কয়েক দিন আগে খড়গপুরে এমনই একটি ঘটনা ঘটেছিল। সেবারও পাইলট তাঁর দক্ষতায় এড়িয়ে গিয়েছিলেন বিপত্তি। পাইলটের বিচক্ষণতার জেরে সেক্ষেত্রেও কোনও প্রাণহানি হয়নি। চাষের জমিতে সেই যুদ্ধবিমান এসে পড়েছিল। এদিকে, রাজস্থানের ঘটনায় একটি বসতিপূর্ণ এলাকায় এই যুদ্ধবিমান ভেঙে পড়েছে। উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।