একা থাকা নাকি একা হয়ে পড়ার মাশুল? দেশের মেট্রো শহরগুলিতে বারবার এক ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ওয়াকিবহাল মহলের।

দেহ উদ্ধার তরুণীর
শেষ আপডেট: 2 November 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: একা থাকা নাকি একা হয়ে পড়ার মাশুল? দেশের মেট্রো শহরগুলিতে (Metro city problems in India) বারবার এক ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ওয়াকিবহাল মহলের। এবার বেঙ্গালুরুর (Bengaluru) গায়ত্রী নগরে এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল ২৫ বছরের এক যুবতীর পচাগলা দেহ (Bengaluru suicide body found)।
জানা গিয়েছে, মৃতা একজন এমবিএ (MBA) স্নাতক। কর্নাটকের ডাভানগেরে জেলার বাসিন্দা ওই তরুণী বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, তিনি ডিপ্রেশনে (suffering from depression) ভুগছিলেন এবং সম্ভবত সেই কারণেই আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, গায়ত্রী নগরের একটি তিনতলা বাড়ির তিনতলায় একা থাকতেন ওই তরুণী। শনিবার দুপুরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বাড়ির মালিক সন্দেহ করেন কিছু একটা ঘটেছে। এরই মধ্যে তরুণীর পরিবারও কয়েকদিন ধরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তাঁরা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। তিনি এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজা খোলানোর ব্যবস্থা করলে ভেতরে ঢুকে দেখা যায়, ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তরুণী।
পুলিশ এও জানিয়েছে, মৃতা প্রায় দেড় বছর ধরে বেঙ্গালুরুতে একা থাকছিলেন। পরিবারের সদস্যরা থাকেন ডাভানগেরেতে। বেশ কিছুদিন ধরে তাঁর মানসিক অবস্থা ভাল ছিল না বলে পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি কয়েক দিন আগেই আত্মহত্যা করেছেন।
দেহ যখন উদ্ধার করা হয়, সেটিতে আংশিক পচন ধরেছে। ফলে মৃত্যুর সঠিক সময় জানা যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সময় ও কারণ নিশ্চিত হবে। তরুণীর মোবাইল ফোনটি ইতিমধ্যেই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, যাতে তাঁর শেষ যোগাযোগ ও মানসিক অবস্থার সূত্র পাওয়া যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে সুব্রামণ্যনগর থানার পুলিশ। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে মৃতার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।