
শেষ আপডেট: 25 December 2023 13:19
দ্য ওয়াল ব্যুরো: রাম দর্শন করতে চান? এবার এক উড়ানেই সরাসরি কলকাতা থেকে অযোধ্যায় পৌঁছতে পারবেন দর্শনার্থীরা।
আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যার ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরে’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্পূর্ণ পরিষেবা চালু হবে আগামী ৬ জানুয়ারি থেকে। ওই দিন থেকে আকাশ পথে অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে কলকাতা সহ দেশের প্রথমসারির সমস্ত বিমানবন্দর। সেই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, গোয়া।
অযোধ্যায় ১৭৮ একর জায়গার ওপর একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। তারই আশেপাশে আরও ৬৪৩ একর জমি অধিগ্রহণ করে মোট ৮২১ একর জমিতে তৈরি হচ্ছে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর’।
বিমানবন্দর সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে ৬৫ হাজার স্কোয়ার ফুটের টার্মিনাল তৈরি হচ্ছে। এই মুহূর্তে , ২ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ে তৈরির কাজ শেষের পথে। পরে তা আরও ৩ হাজার ৭০০ মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। শুরুতে ঘণ্টায় ২-৩টি বিমান ওঠানামা করবে।
বিমানবন্দর কর্তৃপক্ষর দাবি, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরে শুরু থেকেই বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো থাকছে।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেই চালু হতে চলেছে অযোধ্যার ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর’।