নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করল কেন্দ্র। ফলে আপাতত ভারতে আসতে পারবেন না বাংলাদেশি নাগরিকরা, ক্রমশ বাড়ছে কূটনৈতিক উত্তেজনা।

বাংলাদেশ (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 18 December 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার দিক থেকে একের পর এক উসকানিমূলক মন্তব্য আর হুমকির পর আর এক কদম এগোল ভারত (India)। হাই কমিশনে হামলার হুমকি এবং উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ (Seven Sisters) আলাদা করে দেওয়ার প্রকাশ্য হুঙ্কারের জেরে কড়া অবস্থান নিল কেন্দ্র। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে (Bangladesh) আপাতত বন্ধ করে দেওয়া হল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (Indian Visa Application Centre)। বুধবার দুপুর থেকেই কার্যত নো এন্ট্রি পরিস্থিতি তৈরি হল ভারতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য।
ঢাকার যমুনা ফিউচার পার্কে (Jamuna Future Park) অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বুধবার দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হয়। ভারত সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কবে আবার এই ভিসা সেন্টার খুলবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও একই কথা উল্লেখ করা হয়েছে— নিরাপত্তার কারণেই আপাতত পরিষেবা বন্ধ।
যাঁদের বুধবার ভিসার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাঁদের পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থান ও সময় আলাদা করে জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ততদিনে চরম সমস্যায় পড়তে চলেছেন বহু বাংলাদেশি নাগরিক। বিশেষ করে যাঁরা ভারতে এসে অন্য দেশের ফ্লাইট ধরেন, তাঁদের যাত্রা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল।
এই সিদ্ধান্তের নেপথ্যে যে কেবল প্রশাসনিক কারণ নয়, তা স্পষ্ট। মঙ্গলবারই বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার (High Commissioner) মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে (Mohammad Riaz Hamidullah) তলব করে। বৈঠকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত। পাশাপাশি ভারতের হাই কমিশনে হামলার হুমকি এবং বাংলাদেশের এক এনসিপি (NCP) নেতার তরফে সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকির তীব্র প্রতিবাদ জানানো হয়।
কূটনৈতিক সূত্রে খবর, ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এই ধরনের বিচ্ছিন্নতাবাদী হুমকি ও উসকানিমূলক বক্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ভারতের সার্বভৌমত্ব ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে আপসের প্রশ্ন নেই। সেই কারণেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ভিসা পরিষেবা বন্ধের সিদ্ধান্ত।
বিশেষজ্ঞদের মতে, এটি নিছক ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নয়, বরং ঢাকাকে দেওয়া একটি কড়া কূটনৈতিক বার্তা। সীমান্ত পেরিয়ে উত্তেজনার আগুন যাতে না ছড়ায়, তার জন্যই আগেভাগে লাগাম টানতে চাইছে দিল্লি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, তবে নিরাপত্তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকার সম্ভাবনাই বেশি।