
শেষ আপডেট: 21 February 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের ৩০০ জনেরও বেশি মানুষ। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু একসঙ্গে এত রোগীকে জায়গা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অগত্যা রাস্তাতেই চলল চিকিৎসা। যার জন্য রীতিমতো রাস্তার মধ্যে দড়ি থেকে ঝোলানো হয় স্যালাইন, ত্রিপল পেতে বানানো হয় রোগশয্যা। সেখানেই শুয়ে রয়েছেন সার সার রোগী। মহারাষ্ট্রের গ্রামের এমনই দৃশ্য প্রকাশ্যে এসেছে।
এ যেন খোলা আকাশের নীচেই হাসপাতালের বেড। ত্রিপলের উপরই শুয়ে আছেন অসংখ্য রোগী। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন। রোগীদের হাতে রয়েছে স্যালাইনের নল। রাস্তার পাশে গাছের সঙ্গে দড়িতে জামা কাপড় মেলার মতো ক্লিপ দিয়ে ঝুলছে সেই স্যালাইনের বোতল। মহারাষ্ট্রের বুলধানায় হাসপাতালের বাইরে চিকিৎসার 'বহর' দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের হাসপাতালের সামনের খোলা জায়গায় চিকিৎসা শুরু হয়। এমনকী রোগীদের যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন সেখানে চিকিৎসকও ছিলেন না বলে অভিযোগ। ৬০ জন রোগীর অবস্থা ছিল সঙ্কটজনক। শেষে জরুরি ভিত্তিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আসা হয়। তারপরই রাস্তার ধারে শুরু হয় চিকিৎসা।
ঘটনাটির বিষয়ে বুলধানার জেলা কালেক্টর কিরণ পাতিল বলেন, ''খবর পাওয়ার পর হাসপাতালে চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। অ্যাম্বুল্যান্স এবং প্রয়োজনীয় চিকিৎসার জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে।" একইসঙ্গে ঠিক কী কারণে এতজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়লেন তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে প্রসাদের নমুনা সংগ্রহ করে তা গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।