যোগীর অভিযোগ, বিদেশি শাসকরা শুধু সম্পদ লুঠ করেননি, সমাজকে নানা বিভাজনেও ঠেলে দিয়েছিলেন।

যোগী আদিত্যনাথ
শেষ আপডেট: 24 September 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি আক্রমণ (Foreign Invasions) ও উপনিবেশিক শাসনের (Colonial Rule) ফলে ভারতের সম্পদ যেমন শোষিত হয়েছে, তেমনই হিন্দু জনসংখ্যারও বড় পতন ঘটেছে - এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
মঙ্গলবার লখনউয়ে (Lucknow) ‘আত্মনির্ভর ভারত–স্বদেশি সংকল্প’ শীর্ষক রাজ্যস্তরের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১১০০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা (Hindu Population) ছিল প্রায় ৬০ কোটি। অথচ ১৯৪৭ সালে স্বাধীনতার সময় তা নেমে দাঁড়ায় মাত্র ৩০ কোটিতে। বলুন তো, ৮০০–৯০০ বছরে জনসংখ্যা বাড়া উচিত ছিল, না কমা উচিত ছিল?”
যোগীর অভিযোগ, বিদেশি শাসকরা শুধু সম্পদ লুঠ করেননি, সমাজকে নানা বিভাজনেও ঠেলে দিয়েছিলেন। “ভারতের কী ছিল না? সবকিছুই ছিল। তবু কেউ জাত, ভাষা, অঞ্চল, ধর্ম - এসবের ভিত্তিতে সমাজকে ভাগ করেছে। আজও সেই বিদেশি মানসিকতা কাজ করছে। সমাজকে বিভক্ত করা হচ্ছে,” মন্তব্য মুখ্যমন্ত্রীর।
নিজের বক্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) স্বদেশি প্রচারের সঙ্গে যুক্ত করে যোগী বলেন, “এই স্বদেশি অভিযান নিয়ে নানা দিক থেকে আঙুল তোলা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট - ভারতীয় শ্রমিকের ঘাম আর তরুণদের মেধা দিয়ে তৈরি পণ্যকেই আমাদের সমর্থন করতে হবে।”
গত সোমবার থেকে কেন্দ্রীয় সরকারের বড় সংস্কার ‘জিএসটি ২.০’ (GST 2.0) কার্যকর হয়েছে দেশজুড়ে। এই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে তিনি ঘোষণা বলেন, ‘জিএসটি বচত উৎসব’ (জিএসটি সেভিংস ফেস্টিভ্যাল) সারা দেশে সঞ্চয় বাড়াবে এবং সমাজের সব শ্রেণিকে উপকৃত করবে।
চিঠিতে প্রধানমন্ত্রী নতুন করব্যবস্থাকে (GST 2.0) ‘জনবান্ধব সংস্কার’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, খাদ্যদ্রব্য, ওষুধ, সাবান, টুথপেস্ট, বিমা-সহ বহু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয় করমুক্ত হয়েছে, নয়তো সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবে চলে গেছে। যে সব পণ্যে আগে ১২ শতাংশ কর ছিল, সেগুলি কার্যত ৫ শতাংশ হারে নামিয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন দোকানদার এখন ‘আগে ও এখন’ বোর্ড টাঙাচ্ছেন যেখানে করহার সংস্কারের আগে ও পরে কীভাবে বদলেছে তা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়।
নতুন জিএসটি-তে। চার স্তরের কর কাঠামো ভেঙে এখন মাত্র দুটি স্তর - ৫ শতাংশ ও ১ শতাংশ প্রযোজ্য হবে। সরকারের দাবি, এতে ব্যবসা যেমন সহজ হবে, তেমনই প্রত্যক্ষভাবে উপকৃত হবেন কৃষক, মহিলা, যুবক, গরিব, মধ্যবিত্ত, ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগীরা।