
শেষ আপডেট: 20 March 2024 09:17
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের নির্ঘণ্ট আগেই প্রকাশিত হয়েছে। সাত দফার ভোটের প্রথম দফার বিজ্ঞপ্তি বুধবার জারি করবে নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তি জারির পরই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র পেশ।
বাংলায় ৪২ আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা আসনে। প্রথম দফার ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল। বাংলার দলগুলির মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাকিরা আংশিক।
১৯ এপ্রিল দেশের আর যে সব রাজ্যে ভোট নেওয়া হবে সেগুলি হল, অরুণাচল প্রদেশের দুই আসনে, অসমের ১৪ আসনের পাঁচটিতে, বিহারের ৪০টি কেন্দ্রের চারটিতে।
ছত্তীসগড়ে মোট আসন ১১টি। প্রথম দিন ভোট হবে একটিতে। পাশের রাজ্য মধ্যপ্রদেশে ছয়টি আসনে ভোট নেওয়া হবে প্রথম দফায়। ওই রাজ্যে মোট আসন ২৯টি। মহারাষ্ট্রে আসন সংখ্যা ৪৮। প্রথম দফায় ভোট নেওয়া হবে পাঁচটিতে।
জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুরের দুটি আসনেই প্রথম দফায় ভোট হয়ে যাবে। অন্যদিকে, ত্রিপুরায় দুটি আসন। প্রথম দফায় ভোট হবে একটিতে। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, লাক্ষাদ্বীপ, পুদিচেরিতে, ১৯ এপ্রিল, একদিনেই ভোট হবে। রাজস্থানের ২৫ আসনের মধ্যে প্রথম দফায় ভোট নেওয়া হবে ১২টিতে। ৩৯টি আসন রয়েছে তামিলনাড়ুতে। ওই রাজ্যে প্রথম দিনই সব আসনে ভোট নেওয়া হবে।
বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারেও সাত দফায় ভোট হবে। প্রথম দফায় উত্তর প্রদেশে ভোট গ্রহণ করা হবে আটটি আসনে। জম্মু-কাশ্মীর পাঁচটি আসনের মধ্যে একটিতে ভোট হবে প্রথম দফায়।
এদিকে, কংগ্রেস বুধবার তাদের তৃতীয় তালিকা প্রকাশ করবে বলে ঠিক আছে। মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি একাধিক রাজ্যের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। সেই তালিকায় বাংলার ১২টি আসন আছে।
বহরমপুরে অধীর চৌধুরী প্রার্থী হবেন জানাই ছিল। বাকি ১১ কেন্দ্রের প্রার্থীদের মধ্যে বর্ষীয়ান নেত্রী দীপা দাসমুন্সি থাকতে পারেন। তিনি তাঁর পুরনো কেন্দ্র রায়গঞ্জ আসন থেকে লড়াই করতে পারেন। কংগ্রেস সূত্রের খবর, রাজ্যে বাম-কংগ্রেস আলোচনার প্রেক্ষিতে এআইসিসি নামের তালিকা তৈরি করেছে। বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেস হাইকমান্ড সরাসরি আলোচনা করছে না। ফলে সিপিএমেরও শীর্ষ নেতৃত্ব আলোচনায় অংশ নেননি।