টেক-অফের কিছুক্ষণের মধ্যেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। ককপিটে বাজতে শুরু করে স্টল ও গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ট।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 1 July 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: ফের সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India)। আবার এই সংস্থার বিমানে বিভ্রাট। মাঝ আকাশে চরম আতঙ্ক সৃষ্টি হল যাত্রীদের মধ্যে। স্বাভাবিকভাবেই বিমান পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল এই ঘটনায়।
দিল্লি থেকে ভিয়েনা যাওয়ার পথে (Delhi-Vienna Flight) মাঝ আকাশে আচমকা বিগড়ে যায় বিমানটি। টেক-অফের কিছুক্ষণ পরই হঠাৎ করে প্রায় ৯০০ ফুট (900 Feet) নীচে নেমে যায় সেটি। মাত্র কয়েক সপ্তাহ আগে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Ahmedabad Air India Crash) প্রাণ গেছিল ২৪১ জন যাত্রীর। তারপর থেকে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সংস্থার বিমান নিরাপত্তা।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ৫৬ মিনিটে ওড়ে এআই-১৮৭ নম্বর ফ্লাইটটি, যা একটি বোয়িং ৭৭৭। নির্ধারিত সময়মতো, ন’ঘণ্টা আট মিনিট পর ভিয়েনা বিমানবন্দরে অবতরণ করলেও উড়ানের শুরুতেই ঘটে এই বিপজ্জনক ঘটনা। সূত্রের খবর, টেক-অফের কিছুক্ষণের মধ্যেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। ককপিটে বাজতে শুরু করে স্টল ও গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ট। একাধিক বার শোনা যায় 'ডোন্ট সিঙ্ক' সতর্কবার্তা। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পাইলটেরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে গন্তব্যে পৌঁছন।
ঘটনার পর বিমানচালকদের রিপোর্ট অনুযায়ী বিষয়টি জানানো হয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-কে। পরবর্তীতে বিমানের ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডেটা রেকর্ডার বিশ্লেষণের ভিত্তিতে শুরু হয় পূর্ণাঙ্গ তদন্ত।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই পাইলটকে ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে।