
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2024 11:18
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফার লোকসভা ভোটের সময়ও হাজতবাসেই থাকতে হবে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে। সোমবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় রাউস অ্যাভিনিউ আদালত ভারত রাষ্ট্র সমিতি নেত্রী কবিতাকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তিনদিনের পুলিশ হেফাজতের মেয়াদ এদিন শেষ হওয়ায় আদালতে তোলা হয়েছিল কবিতাকে।
তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য কবিতাকে গত ১৫ মার্চ হায়দরাবাদের বানজারা হিলসে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি। পরে ওই একই মামলায় তিহার জেলে তাঁকে গ্রেফতার করে সিবিআই। আবগারি দুর্নীতিতে আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে গ্রেফতারের পর কবিতা হলেন তৃতীয় বড় মাপের নেত্রী যাঁকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় গত ২১ মার্চ দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, এই মামলায় এদিন সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের আর্জির শুনানি রয়েছে। শীর্ষ আদালতের রায়ের উপর নির্ভর করবে দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর দলের ভবিষ্যৎ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেজরিওয়ালের দায়ের করা মামলার সোমবার শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই মামলা শুনবে।
হাইকোর্টে ইডির গ্রেফতারির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মামলায় দিল্লি হাইকোর্ট ইডির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। উচ্চতর আদালত বলেছে, কেন্দ্রীয় এজেন্সি আইন মেনে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে।
সুপ্রিম কোর্টেও দিল্লির মুখ্যমন্ত্রী হেরে গেলে তাঁর জেলমুক্তি কঠিন হয়ে পড়তে পারে। যদিও তারপরও তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন। সোমবার দিল্লির সিবিআই আদালতে পেশ করার কথা তাঁকে। জামিনের আবেদন নিয়ে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর্জি জানাতে পারবেন। ফলে ভোটের আগে ছাড়া পাবেন কিনা সেটাই মস্ত বড় প্রশ্ন।
তার আগে দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে পারে সিবিআই। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি। গত মাসের ২১ তারিখ তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও দিল্লির আবগারি দুর্নীতির প্রথম মামলাকারী ওই তদন্তকারী সংস্থাই।