
সোশ্যাল মাধ্যমে ভাইরাল এলন মাস্কের নকল আধারের ছবি।
শেষ আপডেট: 5 April 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: শিরোনামের সঙ্গে থাকা মার্কিন ধনকুবের এলন মাস্কের ছবিটা দেখেছেন? নকল আধার (Aadhaar Card), অথচ খালি চোখে বোঝা দায়!
শুক্রবার থেকে সোশ্যাল মাধ্যমে এভাবেই বিভিন্ন ব্যক্তির নকল (fake document) আধার-প্যান কার্ড ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য সহজেই তৈরি করা যাচ্ছে এই কল আধার, প্যান কার্ড। যা নিয়ে শঙ্কিত সাইবার বিশেষজ্ঞরা (Cyber experts)।
নিখুঁত ‘ইমেজ জেনারেশন’ এর জন্য ওপেনএআই গত সপ্তাহে নতুন ‘জিপিটি-৪ও’ ( Chatgpt)বাজারে এনেছে। তারপরই নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিমেষে তৈরি হচ্ছে হুবহু ওরিজিনালের মতো দেখতে ভুয়ো আধার। যা নিয়ে নতুন করে শোরগোল সমাজ মাধ্যমে। এর আগে ‘ঘিবলি’ কার্টুন নিয়েও আম জনতাকে সতর্ক করেছিল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নিমেষে নকল আধার, প্যান কার্ড তৈরি করা যাচ্ছে তাতে সাইবার জালিয়াতি আরও বাড়তে পারে। এভাবে সহজেই অন্যের নামে ভুয়ো পরিচয় পত্র তৈরি করে জঙ্গি বা সমাজবিরোধী সংগঠন সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
একই সঙ্গে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি এবং সামাজিক সম্মানহানির প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই এর নয়া প্রযুক্তি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।