
চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডি
শেষ আপডেট: 25 July 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রবাবু নাইডুর দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপির প্রধান জগনমোহন রেড্ডি। এই ইস্যুতে দিল্লির যন্তরমন্তরের সামনে ধর্নাতেও বসেন তিনি। জগনের ধর্না মঞ্চে ইন্ডিয়া জোটের সদস্যদেরও দেখা যায়। এরপরই জগনকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, জগনমোহন আধুনিক যুগের 'পাবলো এসকোবার'।
জগনমোহন দাবি করেছেন, চন্দ্রবাবু নাইডুর নির্দেশেই তাঁর দলের কর্মীরা ওয়াইএসআর কংগ্রেসের কর্মী-সমর্থকদের আক্রমণ করেছে। রাজ্যে হিংসার ঘটনার পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে চন্দ্রবাবুর। কিন্তু এইসব অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে জগনমোহনকে পাল্টা খোঁচা দিয়েছেন তিনি। তাঁকে কলম্বিয়ান ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করেছেন তিনি।
রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রবাবু বলেন, ''কলম্বিয়ার পাবলো এসকোবার ড্রাগ মাফিয়া ছিল। নিজের ব্যবসা বাড়াতে রাজনীতিতে এসেছিল। এক সময়ে বিশ্বের সবথেকে ধনী ড্রাগ ব্যবসায়ী হয়ে গেছিল সে। কিন্তু আমি কেন এই কথা বলছি? তার কারণ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও খানিকটা এমনই হতে চেয়েছিলেন। টাটা, আম্বানি, রিলায়েন্সের থেকে বেশি টাকার মালিক হতে চেয়েছিলেন।'' চন্দ্রবাবুর খোঁচা, কেউ দরকারে অপরাধ করে, কেউ লোভে আর কেউ স্বার্থে। যারা নিজের স্বার্থে অপরাধ করে তারাই এমন ধরনের ঘটনা ঘটায়।
তেলেগু দেশম পার্টির স্পষ্ট দাবি, শেষ পাঁচ বছরে জগনমোহন সরকারের আমলে অন্ধ্রপ্রদেশ দেশের 'ড্রাগ ক্যাপিটাল' হয়ে গেছে। খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকী খুনের চেষ্টার মামলাও বাদ যায়নি। তাই তাঁর কাছ থেকে হিংসা বিরোধী মন্তব্য শোনার প্রয়োজন পড়ে না।