.jpeg)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 17 November 2024 07:25
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের পরিস্থিতি যখন ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে তখন রাজ্যের বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত ঘিরে নিরাপত্তা বিশেষজ্ঞরা বিস্মিত। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সরকার রাজ্যের উপর থেকে সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ প্রত্যাহারের দাবি তুলেছে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক ডেপুটি সেক্রেটারি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রককে লেখা চিঠিতে বলেছেন, রাজ্য মন্ত্রিসভা চায় আফস্পা পুরোপুরি প্রত্যাহার করা হোক। এই মুহূর্তে হিংসায় জর্জরিত জিরিবাম-সহ রাজ্যের ছয়টি থানা এলাকায় আফস্পা বলবৎ আছে। ওই আইনে সেনা বাহিনী স্বাধীনভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে পারে এবং পুলিশের থেকেও কিছু ক্ষেত্রে তাদের ক্ষমতা বেশি।
গত ১৪ নভেম্বর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ওই ছয় থানা এলাকায় আরও ছয় মাসের জন্য আফস্পা বলবৎ করে। তারপরই আপত্তি তুলেছে বীরেনের সরকার। প্রশ্ন উঠেছে, হিংসা বিধ্বস্ত এলাকায় সেনাকে নিষ্ক্রিয় করতে কেন চাইছে বিজেপি সরকার। ওয়াকিবহার মহলের একাংশের মতে, রাজ্যের মৈতেই সম্প্রদায়ের সেনা বাহিনীর তুলনায় রাজ্য পুলিশের উপর আস্থা বেশি। নানা সময়ে ওই সম্প্রদায় অভিযোগ তোলে সেনা ও আধা সেনা কুকিদের স্বার্থ দেখছে। অন্যদিকে, কুকিদের আবার রাজ্য পুলিশেই অনাস্থা।
মণিপুর প্রশাসনে মৈতেইদের আধিপত্য অনেক বেশি। স্বয়ং মুখ্যমন্ত্রী বীরেন এই সম্প্রদায়ের মানুষ। তাঁর উপর স্বজাতির চাপ আছে। মনে করা হচ্ছে, সেই চাপের মুখে বিশেষ সেনা আইন প্রত্যাহারের দাবি জানিয়ে মৈতেই মনে মলম দেওয়ার চেষ্টা করল বীরেন সরকার।