
দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক
শেষ আপডেট: 13 December 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে দিল্লির ৬টি স্কুলে হুমকি ইমেল আসে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার বোমাতঙ্কের ঘটনা ঘটল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড তল্লাশি অভিযান শুরু করলেও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে খবর।
এর আগে গত ৯ ডিসেম্বর দিল্লির ৪৪টি স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। তবে তল্লাশি চালিয়েও লাভ কিছুই হয়নি। জানা গেছে, এদিন দিল্লির পশ্চিম বিহারে অবস্থিত ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুলে ভোর সাড়ে চারটের আশেপাশে হুমকি ইমেল আসে।
অন্যদিকে, শ্রীনিবাস পুরীতে অবস্থিত কেমব্রিজ স্কুলে সকাল ৬টা ২৩ মিনিট, পূর্ব কৈলাসের ডিপিএস অমর কলোনিতে ৬টা ৩৫ মিনিট, ডিফেন্স কলোনিতে অবস্থিত দক্ষিণ দিল্লি পাবলিক স্কুলে সকাল ৭টা ৫৭ মিনিট এবং সফদরজংয়ে দিল্লি পাবলিক স্কুলে সকাল ৮টার আশেপাশে এবং রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলে সকাল সাড়ে আটটা নাগাদ হুমকি ইমেল আসে বলে পুলিশ সূত্রে খবর।
হুমকি ইমেলে লেখা ছিল, স্কুল চত্বরে রাখা আছে বিস্ফোরক। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পড়ুয়াদের বাইরে বের করে শুরু হয় তল্লাশি অভিযান।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি পুরো বিষয়টিকেই ‘অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে গত সোমবারই দিল্লির ৪৪টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি বার্তা পেয়েই পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয় বাড়ি। খালি করা হয় স্কুল। তালিকায় ছিল জিডি গোয়েঙ্কা, ডিপিএস আর কে পুরমের মতো স্কুলও। রবিবার রাত ১১টা ৩৮ নাগাদ এই স্কুলগুলির মেইল আইডি-তে হুমকি বার্তা আসে। স্কুলের ভিতরে বোমা বাঁধা রয়েছে, এমন কথা উল্লেখ করা হয় ওই মেইলগুলিতে। সকালে স্কুলের মেল আইডি খুলতেই কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। স্কুলের তখন সবে ঢুকতে শুরু করেছে পড়ুয়ারা। তাদের তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।