
অমর্ত্য সেন ও রাহুল গান্ধী
শেষ আপডেট: 16 July 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর নেতৃত্বের প্রশংসা করলেন অমর্ত্য সেন। নোবেল জয়ী অর্থনীতিবিদের কথায়, রাহুল গান্ধী এখন অনেক পরিপক্ক নেতা।
লোকসভা ভোটের ফল প্রকাশের পর লম্বা সময়ের জন্য দেশে ফিরছেন অমর্ত্য। কলকাতা ও বোলপুরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। দেশের চলতি রাজনীতি এবং লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফল নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অর্থনীতির এই নামজাদা অধ্যাপক। বলেছেন, দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পরিকল্পনা আপাতত ধাক্কা খেয়েছে।
এই প্রসঙ্গেই এসেছে, রাহুলের ভারত জোড়ো যাত্রা কর্মসূচির কথা। অমর্ত্যের কথায়, ওই কর্মসূচি রাহুল গান্ধীকে জনগণের নেতা হিসাবে অনেকটা তুলে ধরেছে।
অমর্ত্য মনে করেন, রাহুলের সামনে এখন গুরুত্বপূর্ণ হল বিরোধী দলনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা। এই প্রসঙ্গেই ভবিষ্যতে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে কথা ওঠে। হাসিমুখে এই প্রশ্নের জবাব এড়িয়ে যান অমর্ত্য। ফিরে যান দিল্লিতে পড়াশুনো করার দিনগুলিতে। বলেন, আমরা বন্ধুরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতাম, ভবিষ্যতে আমাদের মধ্যে কার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা বেশি আর কার কম। নোবেলজয়ী বলেন, আমি সবচেয়ে কম নম্বর দিতাম মনমোহন সিং'কে। অথচ তিনি নিজেকে একজন দক্ষ প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন।
অমর্ত্য জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর বহুদিনের পরিচয়। সে কেমব্রিজে পড়ার সময় আমার কাছে আসত।