
মোদী ও শশী থারুর।
শেষ আপডেট: 6 July 2024 08:58
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার প্রকাশিত হয়েছে ব্রিটেনের ফলাফল। ১৪ বছর পর আবারও ব্রিটেনের মসনদে ফিরেছে লেবার পার্টি। কনজ়ারভেটিভ পার্টি (টোরি)কে শুধু পরাজিত করা নয়, ৪০০-এর বেশি আসন পেয়েছে লেবার পার্টি। প্রায় ২৩ বছর পর ব্রিটেনে কোনও দল ফের ৪০০-র গণ্ডি পেরোল।
এই ফল সামনে আসতেই নাম না করে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর টুইটারে লিখেছেন, '৪০০ পার, কিন্তু অন্য দেশে'।
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল শশীর ওই পোস্ট! শুক্রবার রাত ৮টা ১২ মিনিটে পোস্টটি টুইট করেন শশী। শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত পোস্টটি দেখেছেন ১ লাখ ২৪ হাজার নেট নাগরিক। ৪৬১ জন পোস্টটি শেয়ার করেছেন। কমেন্ট বক্সেও উঠে এসেছে একাধিক টিপ্পনিও।
Finally “ab ki baar 400 paar” happened — but in another country! pic.twitter.com/17CpIp9QRl
— Shashi Tharoor (@ShashiTharoor) July 5, 2024
গত মাসেই প্রকাশিত হয়েছে ভারতের লোকসভা ভোটের ফলাফল। এবারে নির্বাচনী প্রচারে পদ্মশিবিরের প্রধান স্লোগান ছিল, 'আব কি বার, 400 পার'। মোদী-শাহরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বিজেপি এককভাবে ৩৭০টিরও বেশি আসন পাবে এবং এনডিএ জোট ৪০০টিরও বেশি আসন পাবে। বিভিন্ন সমীক্ষক সংস্থাও তাদের সমীক্ষায় একই ইঙ্গিত দিয়েছিল।
তবে ৪ জুন ফল প্রকাশের পর দেখা যায়, বিজেপি সাকুল্যে ২৪০টি আসন জিতেছে। এনডিএ জোটের মোট আসন ৩০০ থেকে ৭টি কম। অন্যদিকে ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৪।
এবারে ব্রিটেনের ফল প্রকাশ হতেই সেই চারশোর প্রসঙ্গ টেনে নাম না করে মোদী-সহ পদ্মশিবিরের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা শশী। তবে এ ব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।