দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীয়ের কান কেটে নেওয়ায় অভিযুক্ত ৪৫ বছরের এক যুবক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নয়ডার ওই ঘটনায় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল।
পুলিশ জানিয়েছে, পপ্পি নামের তরুণীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে তাঁর কাছে মদ খাওয়ার টাকা চায় তাঁর স্বামী মহম্মদ শাকিল। তিনি দিতে না চাইলে তাঁকে মারধর শুরু করে সে। এর পরেই শাকিল একটি ছুরি নিয়ে আক্রমণ করে পপ্পিকে। তখনই তাঁর কান কেটে যায় ধারালো ছুরিতে।
পপ্পির দাবি, শাকিল কয়েক মাস ধরেই মদ খেয়ে তাঁর উপর শারীরিক অত্যাচার চালাত। টাকাও চুরি করার চেষ্টা করত মদ কেনার জন্য। মঙ্গলবারও এরকমই কিছু ঘটে। তখনই বচসা থেকে হাতে ছুরি তুলে নেয় শাকিল। রাগে কেটে নেয় পপ্পির কান। এর পরেই থানায় যান তিনি।
পুলিশ জানিয়েছে, পপ্পি ও শাকিলের বিয়ে হয়েছে ২৫ বছর আগে। তাদের তিন সন্তানও আছে। শাকিল মদ্যপও বেকার। পপ্পি গৃহবধূষ সংসারে অভাবের জ্বালায় অশান্তি লেগেই থাকত।
পুলিশ জানিয়েছে, যে ছুরি দিয়ে এমন নৃশংস কাজ ঘটানো হয়েছে, সেটি এখনও পাওয়া যায়নি। তাই পপ্পির অভিযোগ এখনও একশো শতাংশ মেনে নেয়নি পুলিশ।
তবে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হলেও, শাকিলকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক।