
গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 12 February 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ হতেই স্বভাবতই খুশির ঝিলিক পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এলাকায়।
এদিন বাজেটে অর্থমন্ত্রী জানান, দু'বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ সম্পূর্ণ হবে। এরই পাশাপাশি নদী ভাঙন রোধে এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। একই সঙ্গে নদী বন্ধন নামে নতুন প্রকল্পেরও ঘোষণা করেছে রাজ্য। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
ঘাটাল শহরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে শিলাবতী নদী। ভৌগলিক দিক থেকে ঘাটাল অনেকটা গামলার মতো। সব দিক থেকে জল ঢুকলেও বেরানোর কোনও জায়গা নেই। ফলে ফি বছর বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় ঘাটাল। দুঃখের শেষ থাকে না এলাকাবাসীর। এবারের লোকসভা ভোটেও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম প্রধান ইস্যু ছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান।
কেন্দ্রের অসহযোগিতাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা যায়নি বলে রাজ্যের অভিযোগ। তবে এবারে লোকসভা ভোটের মুখে দলীয় প্রার্থী-অভিনেতা দেবের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান রুপায়ণে উদ্যোগী হবে রাজ্য।
এরপরই গত বছর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ শুরু করে রাজ্য। সেচ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। ৩.৫ কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৫ কোটি টাকা। এবার ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।