
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 7 July 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের (Baranagar-Barrackpur Metro Project) পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জলের লাইন (Water lines blocked)! পলতা থেকে টালা (Palta to Tala) পর্যন্ত মাটির তলায় থাকা ছ’টি পানীয় জলের পাইপলাইনের সঠিক অবস্থান জানে না পুরসভা। কোথায় কতটা গভীরে, কোন জায়গা দিয়ে, কী আকারের পাইপ রয়েছে—এর কোনও নির্ভরযোগ্য নথি নেই কলকাতা পুরসভার কাছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে মাটিতে ‘ট্রায়াল পিট’ খুঁড়ে পাইপ চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন।
শুধু রাস্তা খুঁড়ে মেট্রোর পিলার তৈরি করলেই হবে না, পানীয় জলের এই লাইফলাইনগুলিকে সরিয়ে নিরাপদে অন্যত্র বসাতে হবে। আর তা করতে গিয়েই বারবার ধাক্কা খাচ্ছে প্রকল্প। সম্প্রতি শুক্রবার পুরসভার সঙ্গে বৈঠকে বসেছিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)। সেখানেই ওঠে আসে সমস্যার আসল চেহারা—পাইপের অবস্থানের কোনও মানচিত্রই নেই পুরসভার কাছে!
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘এটা প্রাথমিক পর্যায়ের বৈঠক ছিল। দু’পক্ষের ইঞ্জিনিয়াররা মিলে এখন পুরোটা খতিয়ে দেখবেন। তারপরই এগোনো যাবে।’’
পুরসভা সূত্রে খবর, বি টি রোডের নীচে থাকা এই পাইপলাইনের মাধ্যমেই শহরের প্রায় ৬০-৭০ শতাংশ পানীয় জল সরবরাহ হয়। এই লাইন ক্ষতিগ্রস্ত হলে কার্যত বিপর্যয় নামবে শহরে। তাই কোনও ঝুঁকি না নিয়ে, ১২ কিলোমিটার জুড়ে—ডানলপ থেকে বারাকপুর পর্যন্ত—একাধিক জায়গায় মাটি খুঁড়ে দেখা হবে পাইপ কোথায় আছে।
জল সরবরাহ দফতরের এক কর্তা বলেন, “পাইপ কোথাও ফাটলে, মেরামতির সময় অনুমান করেই কাজ হয়। কিন্তু মেট্রোর মত প্রকল্পে অনুমানের ভিত্তিতে কাজ করা চলবে না। পিলারের কাছে একটা পাইপ ফেটেও গেলে জলের জোগানে সঙ্কট তৈরি হতে পারে।”
সূত্রের খবর, এই বিপুল পরিমাণে পাইপ সরানোর খরচ RVNL-ই বহন করবে, বৈঠকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরসভা। খুব শীঘ্রই RVNL-এর অফিসে ফের বৈঠকে বসবেন দুই পক্ষের ইঞ্জিনিয়াররা। সেখানেই নির্ধারিত হবে, কতটা পাইপ স্থানান্তর করতে হবে, কোথায় কী আকারের নতুন পাইপ বসানো হবে—তার পূর্ণ রূপরেখা। নির্মাণের আগে যেন বিপর্যয় না নামে—সেই লক্ষ্যেই এখন সতর্ক পা ফেলছে প্রশাসন।